World

১৭ দিনের ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করালেন খোদ মন্ত্রী

মানবিকতা ও মাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ তৈরি হল। ১৭ দিনের এক ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করালেন মন্ত্রী নিজেই। কান্না থামল শিশুর।

একটি আশ্রয়কেন্দ্রে দুর্বিষহ অবস্থায় থাকা শিশুদের চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করেছিল দেশের সরকার। যে আশ্রয়কেন্দ্র থেকে তাদের নিয়ে আসা হয় সেখানে বর্ষার জল ঢুকে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল। সেখান থেকে শিশুদের নিয়ে আসা হয় একটি প্রশাসনিক ভবনে।

তারা কেমন আছে তা দেখতে হাজির হন দেশের নারী, শিশু ও প্রবীণ নাগরিক মন্ত্রী। ৩১ বছর বয়সী ওই যুবতী মন্ত্রী যখন ঘুরে দেখছিলেন তখন একটি শিশু কেঁদেই চলেছিল। তার কান্না দেখে এগিয়ে আসেন মন্ত্রী। তারপর তাকে কোলে তুলে নেন।

এরপর তিনি যা করেন তা তাঁদের দেশের গণ্ডি পার করে গোটা বিশ্বের মন কেড়ে নিয়েছে। শিশুটি যে ক্ষুধার জ্বালায় কাঁদছে তা বুঝতে পেরে প্রথমে দুধের খোঁজ করা হয়। কিন্তু সেখানে কোনও দুধের ব্যবস্থা ছিলনা। এটা শোনার পরই মন্ত্রী নিজে শিশুটিকে স্তন্যপান করাতে শুরু করেন। কান্না থামে শিশুটির।

নেপালের নারী, শিশু ও প্রবীণ নাগরিক মন্ত্রী সীতা বাদির এই মাতৃত্ববোধ ও মমতার কথা মুখে মুখে ঘুরছে। সীতা বাদি‌র নাম নেপালের সীমানা পার করে ছড়িয়ে পড়েছে সর্বত্র।

একজন মন্ত্রীর এই মাতৃত্ব বোধে খুশি সকলেই। জীবন যুদ্ধের মধ্যে দিয়ে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সীতা বাদির এই মাতৃত্বে ভরা ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যদিও সেই ভিডিও নীলকণ্ঠ ডট ইন যাচাই করেনি।

Show Full Article
nilkantho.in App