Kolkata

ঐতিহাসিক দিন, কলকাতা থেকে বিদেশের শহরে পাড়ি দিল পণ্যবাহী ট্রেন

ট্রেনেই যাত্রা। তাতেই গেল বিশেষ পণ্য। একদম বন্দর থেকে পাড়ি দিল ট্রেন। কিন্তু সে ট্রেন দেশের মধ্যে কোথাও গেলনা। গেল বিদেশের শহরে।

ফের ইতিহাসের পাতায় কলকাতা। কলকাতার বন্দর থেকে যাত্রা শুরু করল একটি পণ্যবাহী ট্রেন। যে ট্রেনটি কেবল পণ্য নিয়ে পাড়িই দিল না, লিখে ফেলল ইতিহাস। পাড়ি দিল ভারতের লাগোয়া দেশ নেপালে।

নেপালের বিরাটনগরকে গন্তব্য করে পাড়ি দেয় ট্রেনটি। কলকাতা ও নেপালের মধ্যে এভাবে পণ্যবাহী ট্রেনের যাত্রা এই প্রথম। যা দেশান্তরে পণ্যপরিবহনকে অন্য এক মাত্রায় পৌঁছে দিল।

৪০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন কন্টেনার নিয়ে পাড়ি দেওয়া এই পণ্যবাহী ট্রেনটি বিরাটনগর গেল রেপসিড তেলের বিশেষ বীজ নিয়ে। যা থেকে তেল তৈরি হবে। এই বীজকে বলা হয় কানোলা।

এটি রেপসিডেরই একটি প্রকারের বীজ। যা দিয়ে রেপসিড তেল তৈরি হয়। যা মানুষ থেকে গবাদি পশু, সকলের কাজে লাগে। সেই কানোলা বীজ নিয়ে নেপালে গেল ট্রেনটি। নেপালের স্বস্তিক তেল শিল্প সংস্থায় এই বীজ পাঠানো হয়।

ভারত থেকে নেপাল যাওয়ার পথে এটি সীমান্তের কাছে জোগবানি ইন্টিগ্রেটেড কাস্টমস ইয়ার্ডে দাঁড়াবে। তারপর যাবে বিরাটনগর ইয়ার্ডে। এখানে প্রশ্ন উঠতে পারে এই কানোলা বীজ কি তাহলে ভারত থেকে পাঠানো হল?

ভারত থেকে কিন্তু তা পাঠানো হয়নি। এই বীজ এসেছে অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল থেকে। সেখান থেকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। তারপর সেখান থেকে এই পণ্যবাহী ট্রেনে নেপাল। এটাই ছিল এই কানোলা বীজের ফ্রিম্যান্টল থেকে বিরাটনগর পৌঁছনোর যাত্রাপথ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App