World

এভারেস্টে আর টাকা দিলেই চড়া যাবেনা, কড়া শর্ত আনছে নেপাল সরকার

এভারেস্টে চড়ার জন্য পারমিট পাওয়া আর সহজ থাকছে না। এখন থেকে এভারেস্টে চড়ার অনুমতিপত্র হাতে পেতে একটি কড়া শর্ত পূরণ করতে হবে।

বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টে চড়ার হিড়িক গত কয়েক বছরে নজর কাড়ছে। চলতি বছরে একটা রেকর্ড গড়েছে এভারেস্ট জয়। ১ হাজার ৮ জন এভারেস্টে চড়েছেন। এই প্রথম কোনও একটি মরসুমে ১ হাজার পার করল এভারেস্ট জয়।

এভারেস্টে ভিড় বাড়ছে কারণ এখন টাকা দিলে এভারেস্টে চড়া যাচ্ছে। কিন্তু চলতি বছরে এভারেস্টে যেমন পর্বতারোহীদের ভিড় জমেছে, তেমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে নেপাল সরকারকে।

যার একটি বড় সমস্যা অনভিজ্ঞ পর্বতারোহীদের ভিড়। এমনও পর্বতারোহী চড়ার চেষ্টা চালিয়েছেন যাঁর ১ হাজার মিটার উচ্চতা চড়ারও অভিজ্ঞতা নেই।

জীবনের ঝুঁকি, ব্যালকনি বা হিলারি পয়েন্টের মত অতি ঝুঁকিপূর্ণ জায়গায় মানুষের ভিড় সমস্যা বাড়িয়েছে। তাই নেপাল সরকার এবার একটি নতুন আইন কার্যকর করার পথে পা বাড়িয়েছে।

আগামী দিনে কোনও পর্বতারোহী যদি এভারেস্টে চড়তে চান তাহলে তাঁর কমপক্ষে ১টি ৭ হাজার মিটার বা প্রায় ২৩ হাজার ফুট উচ্চতার পর্বত জয়ের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই মিলবে পারমিট বা ছাড়পত্র। এমনই আইন আনার পথে হাঁটছে নেপাল সরকার।

টাকা দিলেই এভারেস্টে চড়ার সুযোগ আর আগামী দিনে দিতে যে নারাজ নেপালের পর্যটন বিভাগ তা পরিস্কার। যা এভারেস্টে অনভিজ্ঞ পর্বতারোহীর ভিড় কমাবে। এতে যাঁরা অভিজ্ঞ পর্বতারোহী তাঁদের আর অতিরিক্ত পর্বতারোহীর ভিড় সামাল দিতে হবেনা।

ফলে এভারেস্টে ভিড় কমবে। কমবে জঞ্জাল বেড়ে যাওয়ার সমস্যাও। কারণ প্রতিবছর মরসুম শেষে প্রচুর জঞ্জাল সাফ করতে হয় এভারেস্ট থেকে।

Show Full Article