জাপান যাওয়ার দরকার নেই, ভারতেরই এক রাজ্য মাততে চলেছে চেরিব্লসম উৎসবে
সারা পৃথিবী থেকে মানুষ জাপানে হাজির হন চেরিব্লসম উৎসবে শামিল হতে। কিন্তু বিশ্বের নানা প্রান্তের মানুষ ভারতেও এই চেরিব্লসম উৎসবে শামিল হতে পারেন।
জাপানের অন্যতম উৎসব হল চেরিব্লসম। সাদার ওপর আলতো গোলাপি আভা। সেই ফুলে ফুলে ভরে যায় চারপাশ। সে এক অপরূপ দৃশ্য। যা প্রত্যক্ষ করতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা হাজির হন জাপানে।
ভিড় এতটাই হয় যে তা সামাল দেওয়া দায় হয়। এমনকি জাপান প্রশাসন পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করতে হিমসিম খায়। সেই বিখ্যাত চেরিব্লসম উৎসবের জন্য জাপান যাওয়ার দরকার নেই। যেতে হবে ভারতেরই একটি রাজ্যে।
ভারতের এই চেরিব্লসম উৎসব সম্বন্ধে ইতিমধ্যেই অনেকে জানেন। অনেক দেশ থেকে মানুষ এই সময় মেঘালয়ে হাজির হন প্রকৃতির এই অপরূপ শোভা দেখার জন্য।
মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার নিউ শিলং-এর মখানু এলাকায় এই উৎসবের আয়োজন করা হয়। ২০১৬ সালে শুরু হওয়া এই উৎসবের কথা এখন দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে গেছে।
শরৎকালের এই উৎসব আয়োজিত হবে আগামী নভেম্বর মাসে। নভেম্বরের ২০ ও ২১ তারিখ ২ দিন ব্যাপী এই উৎসবের আয়োজনে ত্রুটি রাখতে চায়না জেলা প্রশাসন। তাই তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
প্রবল ভিড় সামাল দিতে তৈরি করা হচ্ছে পরিকাঠামো। এছাড়া গাড়ি চলাচল সুগম রাখা, আগত মানুষজনের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখার জন্য এখন থেকেই সেজে উঠছে পুরো চত্বর।
এই চেরিব্লসম উৎসব মেঘালয়ের পর্যটন ও সংস্কৃতির এক অংশ হয়ে উঠেছে। এই উৎসবকে সুন্দর করে তোলা, এখানে পর্যটকদের সুযোগ সুবিধার সব দিকে নজর রাখার মধ্যে দিয়ে এই উৎসবকে মেঘালয় পর্যটনের অন্যতম আকর্ষণ করে তোলা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











