National

২৬ লক্ষ প্রদীপের আলোয় ভরবে অযোধ্যা, কবে হবে এই উদযাপন, প্রস্তুতি প্রায় সম্পূর্ণ

অযোধ্যা শহরে যা এখনও দেখা যায়নি এবার তা দেখা যেতে চলেছে। এতটাই জাঁকজমকে ভরবে এ শহর। জ্বলে উঠবে ২৬ লক্ষ প্রদীপ।

অযোধ্যা শহরে সরযূ নদীর ধারে যে ঘাটগুলি রয়েছে সেগুলি যথেষ্ট গোছানো। তবে সেসব ঘাটকে আরও সুন্দর করে তুলতে এবার এগিয়ে এল অবধ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকরা এবার রাম কি পৈধি সহ অন্য ঘাটগুলিকে সাজানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

সেইমত পরিস্কার পরিচ্ছন্নতা ও সাজিয়ে তোলার কাজ চলছে। প্রস্তুতি এতটাই গতিতে এগোচ্ছে যে প্রায় তা সম্পূর্ণ। পরিস্কার করে এবার শুরু হবে রং করার কাজ। সুন্দর করে রং করে সাজিয়ে তোলা হবে ঘাটগুলিকে।

এখানেই আগামী ৭ নভেম্বর বিকেল নামলে শুরু হয়ে যাবে মাটির প্রদীপ দিয়ে সাজানো। একআধটা নয়, ২৬ লক্ষ মাটির প্রদীপে সেজে উঠবে ঘাটগুলি। জ্বলে উঠবে প্রদীপ। আর সেই প্রদীপের আলোয় এক মোহময় চোখ ধাঁধানো অযোধ্যা তার এক ভিন্ন রূপ নিয়ে গোটা পৃথিবীতে বিমোহিত করবে।

এবার অযোধ্যা শহরে দীপোৎসব দশম বর্ষে পা দিচ্ছে। গতবছর ২টি বিশ্বরেকর্ড গড়েছিল এই দীপোৎসব। রেকর্ডগুলি হল সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রদীপ প্রজ্বলনে শামিল হওয়া এবং সবচেয়ে বেশি প্রদীপ একসঙ্গে প্রজ্বলিত হওয়া। গতবছর ২৬ লক্ষ ১৭ হাজার ২১৫টি প্রদীপ অযোধ্যার ঘাটকে আলোকিত করে তুলেছিল।

মনে করা হয় দীপাবলির দিনই ভগবান রাম লঙ্কা বিজয় সম্পূর্ণ করে অযোধ্যায় ফিরেছিলেন। সেদিন তাঁকে স্বাগত জানাতে অযোধ্যাবাসী তাঁদের ঘরে ঘরে প্রদীপের আলো জ্বালিয়ে শহরকে আলোকিত করে তুলেছিলেন। সেই প্রাচীন গাথাকে সামনে রেখেই প্রতিবছর দীপোৎসবের আয়োজন করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article