National

গৃহস্থের উঠোনের তলায় লুকিয়ে ছিল ২ হাজার বছরের ইতিহাস, পাওয়া গেল খোঁজ

অন্য কোনও দেশের কথা নয়। খোদ ভারতেই এক গৃহস্থের বাড়ির উঠোনের তলায় লুকিয়ে ছিল একটি ২ হাজার বছর পুরনো সমাধিক্ষেত্র। যার গঠনশৈলীও বেশ চমকপ্রদ।

একটি সাধারণ উঠোন। যে উঠোনের ওপর দিয়ে ওই পরিবারের মানুষের নিত্য যাতায়াত। পারিবারিক দিনযাপন। সেই ব্যস্ত উঠোনের তলায় যে লুকিয়ে আছে এক ২ হাজার বছরের ইতিহাস সে কথা গৃহস্থের জানা ছিলনা। জানতে পারলেন ওই উঠোন খুঁড়তে গিয়ে।

সেখানে কাজ করতে গিয়ে উঠোনটি খোঁড়া হচ্ছিল। অনেক বাড়িতেই এমন মেরামতির কাজ হয়। সেটা করতে গিয়ে মাটির তলার পাথর কাটতে হচ্ছিল। সেই ল্যাটেরাইট পাথর কাটতে গিয়ে একটি গর্ত নজর কাড়ে।

গর্তটি প্রাকৃতিকভাবে তৈরি নয়। সেটি তৈরি করা হয়েছে। এটা পরিস্কার বোঝা যায়। বিষয়টি জানাজানি হতে সেখানে বিশেষজ্ঞেরা হাজির হন। গর্তের মুখটির ব্যস ৫০ সেন্টিমিটারের মত। অপরিসর গর্তমুখ দিয়ে নিচে নামা যায়। সেখানে প্রায় ২ মিটার পর্যন্ত নেমে গেলে রয়েছে একটি সমাধিক্ষেত্র। যা অবাক করে দেয় বিশেষজ্ঞদের।

পাথর কেটে তাতে গর্ত করে এভাবে যে সমাধিক্ষেত্র তৈরি করা হত ২ হাজার বছর আগে তার একটি অন্যতম উদাহরণ এটি। কেরালার কাসারগোড় অঞ্চলে এই আশ্চর্য সমাধির খোঁজ পাওয়া গেছে। যা বেশ নজরকাড়া।

কেরালায় লৌহ যুগ বা ঐতিহাসিক সময়ের শুরুতে এই ধরনের গর্ত করে সমাধির চল ছিল। ২ হাজার বছর ধরে সেই সমাধি লুকিয়ে ছিল এক গৃহস্থের উঠোনের তলায়।

এটি কেবল একটি সমাধিক্ষেত্রই নয়, ২ হাজার বছর আগে কেরালার ওই এলাকার ইতিহাস, রীতি, প্রথা ও সমাধিক্ষেত্রের ধরনের কথা তুলে ধরল এই খোঁজ।

Show Full Article