মানুষের মল দিয়ে তৈরি হবে আগামী দিনের শহর, পথ দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা
এখন তো সিমেন্ট ব্যবহার করে বাড়িঘর ও অন্য পরিকাঠামো নির্মাণ হয়। আগামী দিনে সেই কংক্রিট তৈরি হবে মানুষের পায়খানা দিয়ে। পথ দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা।
কংক্রিটের শহর। বিশাল বিশাল অট্টালিকা। আকাশচুম্বী ইমারত। সহজে এ কাঠামোর ক্ষতি হয়না। অত্যন্ত কঠিন কংক্রিট সব ঝাপটা সামলে দেয়। কিন্তু সেই অতিশক্তিশালী কংক্রিটের চেয়েও যদি আরও শক্ত কোনও কংক্রিট পাওয়া যায় তাহলে পরিকাঠামো আরও মজবুত হবে। এবার সেই রাস্তা খুলে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা।
তাঁরা মানুষের মলকে কাজে লাগিয়ে তা দিয়ে একধরনের কংক্রিটের ব্যবস্থা করেছেন। যা এখনকার চেনা কংক্রিটের চেয়েও অনেক বেশি শক্ত ও মজবুত। ফলে যে কোনও পরিকাঠামো মানুষের মলের কংক্রিটে আরও বেশি টেকসই হতে পারে।
ভারতের ওয়ারাঙ্গলের একটি ট্রিটমেন্ট প্লান্টে মানুষের মলকে কাজে লাগিয়ে তার থেকে বায়োচার তৈরি করা হয়। বায়োচার হল কার্বনে ভরপুর একটি উপাদান। যা মানুষের মলকে বিশেষ তাপে রাখার ফলে তৈরি হয়। এই বায়োচারকে কাজে লাগিয়েই কংক্রিটের জন্ম দেওয়া হয়।
ভারতীয় বিজ্ঞানীদের এই আবিষ্কার নিয়ে ইতিমধ্যেই বিদেশি বিজ্ঞানীরাও ভাবনাচিন্তা শুরু করেছেন। মানুষের মলকে কাজে লাগিয়ে যদি আগামী দিনে শহর থেকে অন্য পরিকাঠামো তৈরি করা যায় তা অনেক বেশি মজবুত হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
তবে তা করতে গেলে এখনও এই কংক্রিট নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। সবদিক থেকে নিশ্চিত হতে পারলেই বাস্তবে এই কংক্রিটের প্রয়োগ শুরু হবে।
মানুষের মল থেকে কংক্রিট এক অভিনব ভাবনা সন্দেহ নেই। তা কার্যকর হলে সেটা বিশ্ব মঞ্চে ভারতীয় বিজ্ঞানীদের এক অবদান হিসাবে থেকে যাবে।











