গাছ বাঁচিয়ে প্রকৃতির স্পর্শে তৈরি অভিনব সবুজ বাসস্টপ পেল এই শহর
গাছ বাঁচাবে। প্রকৃতি জড়িয়ে রাখবে অপেক্ষার সময়টুকু। প্রখর গরমেও দেবে শান্তি। একটা বাসস্টপও যে এমন হতে পারে তা এই প্রথম দেখল দেশের শহর।
বাসস্টপ কেমন হয় তার সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। দৈনন্দিন জীবনে বাস ধরার জন্য সাধারণ মানুষকে বাসস্টপে অপেক্ষা করতেই হয়। কংক্রিট, ফাইবার, অ্যালুমিনিয়াম শিট, কাচ, প্লাস্টিক এবং এমন ধরনের নানা জিনিসে বাসস্টপ তৈরি হয়। কিন্তু গাছের ছোঁয়ায় যে একটা বাসস্টপ হতে পারে তা এই প্রথম দেখল দেশের অন্যতম শহর।
যেখানে বাসস্টপটি তৈরি হয়েছে সেখানে একটি পুরনো গাছ রয়েছে। পূর্ণাঙ্গ গাছটি বেশ ছড়িয়ে ফেলেছে তার ডালপালা। সবুজে ভরে গেছে গাছটি। বাসস্টপ তৈরির জন্য এই গাছটি কাটার দরকার ছিল। কিন্তু তা করা হয়নি।
বরং নতুন ভাবে একটি বাসস্টপের পরিকল্পনা করা হয়। ভাবনায় অভিনবত্ব রয়েছে সন্দেহ নেই। গাছটিকে রেখে সেই গাছের তলায় বাসস্টপটি তৈরি হয়েছে বিশেষ উপায়ে। স্টপটির মাথা ঢাকা হয়েছে ২টি স্তরে। একটি সিমেন্টের এবং অন্যটি ফাইবারের। যাতে গরম নিচে দাঁড়ানো মানুষটি পর্যন্ত না পৌঁছয়।
গাছটি পুরো বাসস্টপটি ঘিরে রেখেছে। তার ছায়ায় ঢাকা ওই স্টপ। ফলে গরমে বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে শরীর জুড়িয়ে দেবে গাছের ছায়া। স্টপটিতে একধরনের এমন গাছও লাগানো হচ্ছে যা স্টপটির ছাদ পুরো ঢেকে ফেলবে সবুজে।
মাথার ওপর পুরোটাই গাছের ছায়ায় ঢাকা। তার সঙ্গে ছাদেও সবুজ। এমন সবুজ বাসস্টপ আমেদাবাদ শহরে এই প্রথম দেখতে পাওয়া গেল।
এমন ভাবনাও এই প্রথম। এটাকে পাইলট প্রকল্প হিসাবে শুরু করেছে আমেদাবাদ পুরসভা। আগামী দিনে আরও বাসস্টপ এমন সবুজ বাসস্টপে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে তাদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












