National

দক্ষিণবঙ্গ গরমে পুড়ছে, লাগোয়া রাজ্যে বন্যা পরিস্থিতি

দক্ষিণবঙ্গে পারদ চড়ছে। ফলে গরম বাড়ছে। বাড়ছে অস্বস্তি। এখানে যখন এমন পরিস্থিতি তখন লাগোয়া রাজ্যে অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে ক্রমশ চড়ছে পারদ। সঙ্গে প্রবল অস্বস্তি। গলদঘর্ম অবস্থা। পারদ আরও চড়বে বলেই পূর্বাভাস। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। ফলে গরম আরও চড়বে। দক্ষিণবঙ্গের মানুষের তাই এখনই গরম থেকে রেহাই নেই।

কিন্তু লাগোয়া রাজ্য অসমে পরিস্থিতি একেবারেই আলাদা। অতিবৃষ্টিতে অনেক জায়গা বানভাসি চেহারা নিয়েছে। কাছার জেলার শিলচর এবং বরাক উপত্যকা এলাকার শ্রীভূমি জেলায় এতটাই বৃষ্টি হয়েছে যে শহরগুলিতে জল জমে গেছে। অনেক লোকালয়ে জল এমনভাবে জমে আছে যে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

সেখানে এতটাই জল জমেছে যে বন্যা পরিস্থিতির চেহারা নিয়েছে চারধার। ফলে শিলচরের মত শহরে যানজট অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। এমন এক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে শিলচর বা শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায়।

আবহাওয়া দফতর জানিয়েছে অসমের অনেক জায়গাতেই আগামী দিনে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশে মেঘের আনাগোনা থাকবে। গুয়াহাটিতেও বৃষ্টি নেহাত কম হয়নি। গুয়াহাটি এবং তার আশপাশের এলাকায় ভাল বর্ষণ রেকর্ড হয়েছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণভাগে অবশ্য পরিস্থিতি উল্টো। তবে আকাশে মাঝে মাঝে মেঘের আনাগোনা রয়েছে। তাতে গরমে খামতি এতটুকুও নেই। দক্ষিণে এমন অবস্থা হলেও উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই অন্যরকম।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিন ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পারদও তাই ওঠার কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article