National

ভারতে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

৪ মাস পর দেশে একদিনে সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমেছিল গত মঙ্গলবার। আর মাত্র ২ দিনের ব্যবধানে তা ফের লাফিয়ে পৌঁছে গেল ৪৫ হাজারের ওপরে।

নয়াদিল্লি : অক্টোবর জুড়েই দেশে সংক্রমণ ক্রমশ নিচে নেমেছে। কমেছে মৃত্যুও। নভেম্বরের মাঝখানে পৌঁছেও সেই অক্টোবরের ধারাবাহিকতা বজায় রয়েছে। তবে কিছুটা ওঠানামা করছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

গত অক্টোবরে সংক্রমণ কমে ৭০ হাজার, তারপর ৬০ হাজার হয়ে ৫০ হাজারি ঘর এবং তারপর আরও নেমে ৪০ হাজারি ঘরে ঘুরেছে। সব মিলিয়ে অক্টোবরে দেশে সংক্রমণ ছিল নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখিয়েছে।

নভেম্বরেও সেই ধারা বজায় রয়েছে। মঙ্গলবার তা গত ৪ মাসের মধ্যে সবচেয়ে নিচে নামে। ৩০ হাজারের নিচে নেমে যায় সংক্রমণ। কিন্তু তার পর ২ দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ল সংক্রমণ।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৭৬ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ২৮ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা অনেকটা বেড়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জনে। একদিনে কমেছে ৩ হাজার ৫০২ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু। নভেম্বরের ১ তারিখ থেকে পরপর ৩ দিন ৪০০-র ঘর ধরে রাখে মৃতের সংখ্যা। তারপর ফের তা বেড়ে গিয়েছিল।

গত রবিবার থেকে সেই সংখ্যা ৪০০-র ঘরেই ঘোরাফেরা করছিল। কিন্তু গত একদিনে তা ফের বেড়ে ৫০০-র ঘরে ঢুকে পড়ল। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৭৮ জন। ১.৪৭ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৪৯৩ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০২ জনে। দেশে সুস্থতার হার ৯৩ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Rashifal App
Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *