মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত বলিউডের অতি জনপ্রিয় অভিনেতা, নামল শোকের ছায়া
বলিউডে তাঁকে সকলে একডাকে চেনেন। আপামর সাধারণ মানুষ তাঁকে পর্দায় দেখতে পছন্দ করেন। সেই জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।
ওয়েলকাম সিনেমার জন্য তাঁকে সকলে নতুন করে চিনেছিলেন। তবে ৯০-এর দশকে একের পর এক বলিউড ব্লকবাস্টারে তাঁর অভিনয় আলাদা করে নজর কেড়ে এসেছিল।
হাম হ্যায় রাহি পেয়ার কে, আশিকি, হেরাফেরি, জোড়ি নম্বর ১, স্ত্রী, স্ত্রী ২, গদর, বধাই হো সহ অনেক অনেক সিনেমা রয়েছে যাতে তাঁর অভিনয় তাঁকে আলাদা করে দর্শকের মনে জায়গা করে দিয়েছিল।
সেই মুস্তাক খান চলে গেলেন চিরঘুমের দেশে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলছিল মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার সন্ধেয় তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৫৬ বছর। মুস্তাক খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।
মুস্তাক খান ২০২৪ সালে সিনেমার বাইরে খবরে উঠে আসেন একটি অপহরণের ঘটনাকে কেন্দ্র করে। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পথে তাঁকে অপহরণ করা হয়। তাঁকে আটকে রেখে ১ কোটি টাকা চাওয়া হয় বলেও খবরে প্রকাশ।
১৯৮০ সালে অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায় সিনেমা দিয়ে মুস্তাক খানের রূপোলী পর্দায় হাতেখড়ি। তখন তাঁর বয়স মাত্র ১১ বছর। তারপর অভিনয়কে আঁকড়ে ধরেই কেটেছে তাঁর জীবন। আর সেই অভিনয়ে সাফল্যও এসেছে বারবার।
মুস্তাক খান কৌতুক অভিনেতা সহ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসাবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছিলেন। সিনেমা ছাড়া টিভিতেও চুটিয়ে কাজ করেছিলেন মুস্তাক খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











