Entertainment

কিশোর কুমার তাঁর ঠাকুরদার কাছে ইংরাজি শিখেছিলেন, দাবি করলেন বিখ্যাত অভিনেত্রী

কিংবদন্তি গায়ক কিশোর কুমার তাঁর ঠাকুরদার কাছে ইংরাজি শিখেছিলেন। এমনই দাবি করলেন ছোট পর্দার বিখ্যাত সিরিয়াল অনুপমা খ্যাত অভিনেত্রী শিবানী চক্রবর্তী।

কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের জন্ম মধ্যপ্রদেশের খান্ডোয়া শহরে। ৪ অগাস্ট তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে দেশের নানা প্রান্তে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কিশোর কুমারকে শ্রদ্ধা নিবেদন করেন অনেকে।

কিশোর কুমার সম্বন্ধে বলতে গিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শিবানী চক্রবর্তী অনেক অজানা কথা সামনে আনলেন। অনুপমা সিরিয়ালের জন্য দেশজুড়ে এখন শিবানী চক্রবর্তী পরিচিত মুখ। যিনি নিজেও খান্ডোয়ার মেয়ে। সেখানেই তাঁর জন্ম।

শিবানী কিশোর কুমারকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে জানান, কিশোর কুমারের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের পরিচিতি। তাঁদের বাড়িতে কিশোর কুমারের নিয়মিত যাতায়াত ছিল। তাঁর ঠাকুরদার কাছে কিশোর কুমার ইংরাজি শিখেছিলেন বলেও দাবি করেন শিবানী।

সংবাদ সংস্থা আইএএনএস-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শিবানী জানান, কিশোর কুমার যখন খান্ডোয়া আসতেন তখন তাঁদের বাড়িতে একবার না একবার ঠিকই যেতেন। তাঁর পরিবারের সকলে কিশোর কুমারের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন। যে সুযোগ তিনি পাননি।

কিশোর কুমার তাঁদের বাড়িতে এতবার আসতেন, তবু তাঁর সঙ্গে ওই মহান মানুষটির দেখা না হওয়াটা তাঁর দুর্ভাগ্য বলে ব্যাখ্যা করেন অভিনেত্রী। এ নিয়ে তাঁর আক্ষেপ থেকে গেছে বলেও জানান শিবানী।

তবে তিনি ছোট থেকে কিশোর কুমারের প্রচুর গান শুনে বড় হয়েছেন। কিশোর কুমারের নানা কাহিনি বাড়ির বড়দের কাছে শুনে বড় হয়েছেন বলে জানান শিবানী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App