Entertainment

অমিতাভ বচ্চনের জন্মগত পদবী বচ্চন নয়, কীভাবে বচ্চন হলেন সেই গল্প বললেন বিগ বি

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের পদবী তাঁর জন্মের সময় মোটেও বচ্চন ছিলনা। একদিন একটি ঘটনা তাঁর পদবী বচ্চন করে দিয়েছিল। কি হয়েছিল জানালেন অমিতাভ।

অমিতাভ বচ্চন প্রয়াগরাজের বাসিন্দা ছিলেন। সেখানেই তাঁর জন্ম। জন্মের সময় তাঁর পদবী বচ্চন ছিলনা। কি পদবী ছিল তাতে আসার আগে তাঁর বচ্চন হওয়ার কাহিনিটা জানানো দরকার। যা একটি টিভি শোতে অমিতাভ বচ্চন নিজেই সকলের কাছে খোলসা করেছেন।

অমিতাভ জানান, তাঁর বাবামা তাঁকে প্রয়াগরাজের সেন্ট মেরিজ কনভেন্ট স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন। স্কুলে ভর্তির জন্য একটি ফর্ম পূরণ করতে হত। সেই ফর্মে একটি কলামে ছিল কাস্ট বা জাতির নাম। সেখানে জাতির নাম লেখার দরকার ছিল।

অমিতাভ বচ্চন জানান, তাঁর বাবা ছোট থেকেই ছিলেন জাতিপ্রথার বিরুদ্ধে। তিনি জাতি মানতেন না। তাই তিনি ওই কাস্টের জায়গায় ফর্মে বচ্চন লিখে দেন।

স্কুলকে জানান তাঁর ছেলের নাম অমিতাভ বচ্চন। সেই থেকে তিনি অমিতাভ বচ্চন হিসাবেই পরিচিত। তাঁকে দুনিয়া চেনে সেই স্কুলে ভর্তি হওয়ার সময় তৎক্ষণাৎ বদলে দেওয়া পদবীতেই।

অনেকেই জানতে চাইতে পারেন অমিতাভ বচ্চনের তাহলে আসলে পদবী কি ছিল? জন্মের সময় অমিতাভ বচ্চন মোটেও বচ্চন ছিলেননা, ছিলেন শ্রীবাস্তব। অমিতাভ শ্রীবাস্তব। যার স্থায়িত্ব ছিল স্কুলে ভর্তির দিন পর্যন্ত।

প্রসঙ্গত অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। তাঁর লেখা মধুশালা থেকে অনেক জায়গায় অমিতাভ বচ্চনকে কবিতা পাঠ করতেও শোনা গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App