Sports

ডার্বির রং সবুজ মেরুন, ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারাল মোহনবাগান

আইএসএল-এর এই মরসুমের প্রথম ডার্বি ঘিরে ফুটবল জ্বরে কাবু ছিল কলকাতা। সেই টানটান ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগান।

আইএসএল-এ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবাসরীয় সন্ধ্যায় টানটান উত্তেজনার ম্যাচে আন্তোনিও হাবাসের ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগান।

এদিন খেলার শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণের খেলা হচ্ছিল। ২ দলই গোল করার মত পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু ফিনিশারের অভাব ২ দলের ক্ষেত্রেই নজর কাড়ছিল।

প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া লেগেছে ২ দলকেই। বরং দ্বিতীয়ার্ধে ২ দলেরই আক্রমণের বাঁধুনি ভাল হয়। এদিন মাঝমাঠ নয়, ডার্বির চাপ সামলে ২ দলকেই দেখা গেছে আক্রমণাত্মক ফুটবল খেলতে।

৬৭ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর একটা এগিয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে যান জেমি ম্যাকলারেন। অভিজ্ঞ অস্ট্রেলীয় তারকা বাঁ পায়ের আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে দিতে দেরি করেননি। ১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে গোল করার আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে ইস্টবেঙ্গলের লোগো থাকা কর্নার ফ্ল্যাগ তুলে নেওয়ায় জেমি ম্যাকলারেনকে হলুদ কার্ড দেখতে হয়।

এই গোলের আগে ৬৩ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে লিস্টন কোলাসোর একটি ফ্রি কিক সোজা ইস্টবেঙ্গলের গোলে ঢুকছিল। কিন্তু তা ফিস্ট করে বাঁচান লাল হলুদের গোলকিপার লাচেনপা।

সেই বল ফিস্ট করার পর চলে যায় মোহনবাগানের ছাংতের পায়ে। ছাংতে সপাটে গোল অভিমুখে শট নেন। সে বলও সেভ করে দেন লাচেনপা। লাচেনপা এই অসামান্য সেভ না করলে আগেই মোহনবাগান ১ গোলে এগিয়ে যেতে পারত।

খেলা যত এগিয়েছে ইস্টবেঙ্গলের মরিয়া প্রচেষ্টা দেখতে পাওয়া গেছে মোহনবাগানের গোলের সামনে। কিন্তু গোলমুখ খুলে উঠতে পারেননি ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা।

এদিনের জয়ের পর আইএসএল লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান। ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্টে রয়েছে সবুজ মেরুন। প্রথম ম্যাচে হারের পর ইস্টবেঙ্গলকে হারানো ধরে টানা ৬ ম্যাচে জিতল মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে।

Show Full Article