Entertainment

মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ২ দিন আগেই তিনি বেবি বাম্প-এর একটি ছবি পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন সন্তানের জন্য অপেক্ষার কথা।

মুম্বই : অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুণাল বর্মা-র পোস্ট করা বেশ কিছু ছবি বিভিন্ন সময়ে ইন্টারনেটে প্রশংসিত হয়েছে। তাঁদের শুভেচ্ছা জানাচ্ছিলেন অনেকে।

পূজা ও কুণাল তাঁদের সন্তানের আগমনের কথা আগেই জানিয়েছিলেন। এই সেলেব্রিটি দম্পতি এমন অনেক সুন্দর মুহুর্তের ছবি শেয়ার করেন।

মা হওয়ার আগে পূজার বিভিন্ন মুহুর্তের ছবি সোশ্যাল সাইটের হাত ধরে সামনে আসে। অবশেষে অপেক্ষার অবসান হল। পূজার কোল জুড়ে এল এক ফুটফুটে শিশু।

কুণাল বর্মা শুক্রবার সোশ্যাল সাইটে তাঁদের বাবা-মা হওয়ার কথা জানান। তাঁর বন্ধুদের তরফ থেকে আসা শুভেচ্ছার বার্তা রি-পোস্টও করেন তিনি। সকলকে ধন্যবাদ জানান তিনি।

কুণাল জানান, তাঁদের পরিবারে পুত্রসন্তান এসেছে। মাত্র ২ দিন আগেও পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মা ছবি পোস্ট করেছিলেন। যেখানে পূজার বেবি বাম্পের ছবি স্পষ্ট ছিল। তাঁরা লিখেও ছিলেন যে তাঁরা অপেক্ষায় রয়েছেন। সেই অপেক্ষার অবসান হল শুক্রবার সকালে।

চলতি বছরের শুরুতেই পূজা ও কুণাল রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তাঁরা পারম্পরিক রীতি মেনেও বিয়ে সারেন। এরপর তাঁদের সুখী দাম্পত্য জীবনের অনেক খুশির মুহুর্তের ছবি তাঁরা এযাবৎ শেয়ার করেছেন সোশ্যাল সাইটে।

বহু মানুষের শুভেচ্ছাও পেয়েছেন দম্পতি। সেই ২ সেলেব্রিটি দম্পতি এবার আবার এক নতুন জীবন শুরু করছেন। এক সদ্যোজাতকে বড় করে তোলার আনন্দে মাততে চলেছে তাঁদের জীবন।

হিন্দি সিরিয়াল ও সিনেমায় কাজ করেছেন পূজা। সিনেমায় তাঁর হাতেখড়ি তেলেগু সিনেমায় অভিনয় দিয়ে। তারপর অনেকগুলি বাংলা সিনেমায় কাজ করেছেন পূজা।

‘ম্যাচো মস্তানা’, ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’, ‘রকি’, ‘ওহ! হেনরি’, ‘প্রলয়’, ‘তিন পাত্তি’, ‘হইচই আনলিমিটেড’-এর মত সিনেমায় পূজার উজ্জ্বল উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।

‘রাজধানী এক্সপ্রেস’ ও ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’-এই ২টি হিন্দি সিনেমায় কাজ করেছেন পূজা। একটি নেপালি, একটি হিন্দি ও ৩টি বাংলা সিনেমা তাঁর আসতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Rashifal App
Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *