National

জলের তলায় ডুবে খোঁজা হবে ঐতিহাসিক নিদর্শন, কোন কোন জায়গায় হবে তাও জানা গেল

জলের তলায় ডুবে থাকা হেরিটেজ সাইটে এবার হবে ঐতিহাসিক নিদর্শনের খোঁজ। সেখান থেকে তুলে আনা হবে বিভিন্ন নিদর্শন। কোথায় কোথায় হবে তাও জানা গেল।

ভারত জুড়ে অনেক ঐতিহাসিক ক্ষেত্র রয়েছে। যা এএসআই নিয়ন্ত্রণও করছে। সেখানে বিভিন্ন সময় খোঁজ চলে। প্রত্নতাত্ত্বিকরা খনন চালান। উদ্ধার হয় অনেক ঐতিহাসিক নিদর্শন। কিন্তু সেসব জায়গা স্থলভাগে। জলের তলায় নয়।

কিন্তু ভারতে এমনও কয়েকটি স্থান রয়েছে যা জলের তলায় চলে গিয়েছে অনেককাল আগে। আর সেই জলের তলায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার অনেক নিদর্শনও জলের তলাতেই রয়ে গেছে।

জলের নিচে নেমে সেখানে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে ঐতিহাসিক নিদর্শন উদ্ধারের চেষ্টা ভারতে সেভাবে হয়নি। এবার সেই পথ পরিস্কার করল কেন্দ্র। জলের তলায় চলে যাওয়া কয়েকটি হেরিটেজ সাইটে জলের নিচে নেমে খননকাজ চালানোর ছাড়পত্র দিল সরকার।

প্রথমে ৪টি জলের তলায় হারিয়ে যাওয়া হেরিটেজ সাইট বেছে নেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক খোঁজের জন্য। এরমধ্যে রয়েছে গুজরাটের দ্বারকা ও বেট দ্বারকা, তামিলনাড়ুর মহাবলিপুরম এবং পুদুচেরির করাইকাল। এরপর ২০৩০ সালের মধ্যে মহারাষ্ট্রের বিজয় দুর্গ এবং জাঞ্জিরায় জলের তলায় নেমে এই কাজ করা হবে।

এর আগে বেট দ্বারকায় যেটুকু খোঁজ হয়েছে তাতে হরপ্পা যুগের মাটির পাত্র সহ আরও নানা নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা যুগের শেষের দিকের সিলও পাওয়া গিয়েছে এখানে।

সাড়ে ৩ হাজার বছর পুরনো একটি দেওয়ালেরও খোঁজ পাওয়া গিয়েছে জলের তলায় থাকা বেট দ্বারকায়। যা ৫৮০ মিটার লম্বা। নতুন করে জলের তলায় প্রত্নতাত্ত্বিক খোঁজ শুরু হলে আরও কি কি পাওয়া যায় সেদিকে তাকিয়ে কৌতূহলীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App