National

নবমিত্রের হাত ধরে ইসরোর সঙ্গে জুড়ে যাচ্ছে ১ লক্ষ মাছ ধরার নৌকা

ইসরোর সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক সে প্রশ্ন যে কারও মনে জাগতেই পারে। এবার কিন্তু ইসরোর সঙ্গে নবমিত্রের হাত ধরে জুড়ছে ১ লক্ষ মাছ ধরার নৌকা।

ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে যুক্ত হতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আপাতত ভারতের ১ লক্ষ মাছ ধরার নৌকার সঙ্গে যুক্ত হচ্ছে ইসরো। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র আওতায় ভেসেল কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম প্রকল্পে প্রতিটি মাছ ধরার নৌকার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে একটি করে ট্রান্সপন্ডার।

এই ট্রান্সপন্ডার সরাসরি যুক্ত থাকবে ইসরোর সঙ্গে। ইসরো এর সাহায্যে মাছ ধরার নৌকাগুলির গতিবিধির ওপর নজর রাখতে পারবে। সেগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে। আর অবশ্যই এই নৌকাগুলিকে নজরদারির আওতায় রাখতে পারবে।

শুধু ট্রান্সপন্ডার লাগানোই নয়, এই কাজে সুবিধার জন্য একটি আর্থ স্টেশন ও সংযোগ পরিকাঠামো নির্মাণ করা হবে। আঞ্চলিক ভাষায় নবমিত্র অ্যাপলিকেশন তৈরি করা হবে। যাতে মৎস্যজীবীদের যাবতীয় সাহায্য করতে পারা যায়।

এই প্রকল্প রূপায়ণে ৩৬৪ কোটি টাকা খরচ হবে। খরচ ৬০ ও ৪০ শতাংশ অনুপাতে কেন্দ্র ও রাজ্যসরকার বহন করবে। কেন্দ্রশাসিত অঞ্চল হলে তার পুরো খরচ বহন করবে কেন্দ্র।

এই সুবিধা চালু হয়ে গেলে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রের মাঝে আতান্তরে পড়া মাছ ধরার নৌকাগুলিকে চিহ্নিত করা এবং তাদের উদ্ধারের জন্য সেখানে উদ্ধারকারী দল পাঠানোয় আর সমস্যা হবেনা।

এই ব্যবস্থা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরাকালীন সুরক্ষাও অনেকটা নিশ্চিত করবে। প্রসঙ্গত প্রতিবছরই প্রতিকূল আবহাওয়ায় অনেকসময় মাছ ধরার নৌকাগুলি সমুদ্রে হারিয়ে যায়। তাদের পরিণতিও সুখের হয়না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App