National

দোকানে কেউ জোর করে ঢোকেনি, তাও গয়নার দোকান থেকে গায়েব হিরে ও সোনার গয়না

কেউ দোকানে জোর করে ঢোকার চেষ্টা করেছে বা ভেঙে ঢুকেছে এমন কোনও চিহ্ন নেই। তাও দোকান থেকে গায়েব ১০ লক্ষ টাকার গয়না। অবশেষে হল রহস্যভেদ।

গয়নার দোকানে রাখা সোনার ওপর হিরে বসানো আংটি থেকে হার গায়েব। যা দেখে মাথায় হাত পড়ে যায় দোকানের মালিক থেকে কর্মচারি সকলের। দোকানে যে কেউ বা কারা জোর করে ঢুকেছে এমনটাও নয়।

কেউ দোকান ভেঙে রাতের অন্ধকারে ঢুকে গয়না নিয়ে পালিয়েছে এমনও নয়। দোকানে কোথাও কোনও ভাঙচুরের চিহ্ন নেই। তা সত্ত্বেও বন্ধ দোকানের মধ্যে থেকে গয়না গায়েব হল কীভাবে? কিছুতেই এর সদুত্তর পাওয়া যাচ্ছিল না।

পুলিশের কাছে খবর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পুলিশে খবর দেওয়ার আগে দোকানের কর্মচারিরা স্থির করেন তাঁরা একবার দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখবেন।

সেখানে চোরের দেখা পেলে পুলিশেরও তদন্তে সুবিধা হবে। ফলে তাঁরা সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করা শুরু করেন। আর তাতেই একসময় চোরের দেখা পেয়ে যান তাঁরা। চোরকে দেখে একেবারে তাজ্জব বনে যান দোকানের সকলে।

সিসিটিভিতে দেখা যায় মানুষ নয়, চোর একটি ইঁদুর। সেই ইঁদুরটি একটি একটি করে গয়না নিয়ে নিজের গর্তে ঢুকে যাচ্ছে। এটা দেখার পর দোকানের কর্মচারিরা ইঁদুরের গর্ত ভেঙে পরীক্ষা করা শুরু করেন। একসময় ভাঙতে ভাঙতে তাঁরা পৌঁছে যান গয়নাগুলি পর্যন্ত। যেখানে ইঁদুর তার সেই গয়নাগুলি জমা করেছিল।

উদ্ধার হয় সবকটি হারিয়ে যাওয়া গয়না। যারমধ্যে বেশ কয়েকটি আংটি ও নেকলেস রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নীলকণ্ঠ ডট ইনের তরফে ওই ফুটেজের সত্যতা পরীক্ষা করা হয়নি। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুরে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি বেশ নজর কেড়ে নিয়েছে।

Show Full Article
nilkantho.in App