ভয় নেই, এগোতে থাকা বাসের সামনে দাঁড়িয়ে পড়লেন লেডি সিংহম বলে পরিচিত এসিপি
ভয় তিনি পান না। নির্ভয়ে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর কাজ তাঁকে লেডি সিংহম তকমা দিয়েছে। এবার তিনি দাঁড়িয়ে পড়লেন বাসের সামনে।
তাঁকে লেডি সিংহম বলেই চেনেন সকলে। নির্ভীক, কর্তব্যপরায়ণ এই মহিলা পুলিশ আধিকারিক ফের সকলের নজর কেড়ে নিলেন। দাঁড়িয়ে পড়লেন একটি গড়াতে থাকা বাসের সামনে। যে বাসের চাকা গড়াতে গড়াতে এগিয়ে আসছিল।
তবে চালক সে বাস চালাচ্ছিলেন না। বিক্ষোভকারী কৃষকরা সেটিকে ঠেলতে ঠেলতে এগিয়ে দিচ্ছিলেন। সেই এগোতে থাকা বাসের সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়েন এসিপি মণিকা শুক্লা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
মধ্যপ্রদেশের ভোপালে বিক্ষোভকারী কৃষকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে নিজেদের দাবি আদায়ের জন্য এগিয়ে যাচ্ছিলেন। তাঁদের রোখা ছিল পুলিশের কাজ। এই আন্দোলনের গতি রোধ করতে পুলিশ বেশ কয়েকটি স্কুল বাস দিয়ে রাস্তায় একটি অতিরিক্ত বাধা স্তর তৈরি করার চেষ্টা করেছিল।
তারই একটি বাসকে ঠেলতে শুরু করেন বিক্ষোভকারীরা। ঠেলতে থাকায় বাসটি এগিয়ে যাচ্ছিল রাস্তা ধরে। বাস ঠেলতে ঠেলতে বিক্ষোভকারীরাও এগিয়ে আসছিলেন।
এই সময় ২ হাত ছড়িয়ে বাসের সামনে দাঁড়িয়ে পড়েন এসিপি শুক্লা। বাসের সামনের অংশ ধরে উল্টো দিকে ঠেলারও চেষ্টা করেন তিনি। স্বয়ং এসিপি বাসের সামনে দাঁড়িয়ে পড়েছেন দেখে বিক্ষোভকারীরাও বাস ঠেলা বন্ধ করে দেন।
এই ঘটনা ফের মণিকা শুক্লাকে খবরে এনে দিল। তাঁর লেডি সিংহম সুনাম আরও একবার প্রমাণিত হল এই ঘটনায়। যেখানে তিনি ফের কর্তব্য পালন করতে নিজের নির্ভীক সত্ত্বাকে সামনে আনলেন।












