বৃষ্টির দাপট বাড়ছে, শতাধিক রাস্তায় যান চলাচল বন্ধ, বন্ধ তীর্থযাত্রাও
ক্রমশ জটিল আকার নিচ্ছে বৃষ্টি। যত বৃষ্টি বাড়ছে ততই পরিস্থিতি ঘোরাল হচ্ছে এক রাজ্যে। ইতিমধ্যে ৩টি জাতীয় সড়ক সহ শতাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এখন ভরা বর্ষা। পাহাড়ি এলাকায় তো বর্ষা আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করে। টানা বৃষ্টির জেরে ধস নামা, রাস্তা নষ্ট হয়ে যাওয়া, পাহাড় থেকে পাথর গড়িয়ে এসে রাস্তা বন্ধ করে দেওয়ার মত ঘটনা ঘটতেই থাকে।
এখন ঠিক সেগুলি হচ্ছে উত্তরখণ্ড জুড়ে। আর এর মধ্যেই আরও বৃষ্টি বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। উত্তরাখণ্ডের ৮টি জেলায় অতি প্রবল বৃষ্টি ১০০টির ওপর রাস্তা স্তব্ধ করে দিয়েছে। যে পথে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ।
সেই সঙ্গে বৃষ্টির জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রা করতে পারছেন না পুণ্যার্থীরা।
বন্ধ রাখা হয়েছে হেমকুণ্ড সাহিব যাত্রাও। কবে ফের চালু করা হবে এই তীর্থযাত্রাগুলি তাও বোঝা যাচ্ছেনা। তবে পরিস্থিতির উন্নতি না হলে যে সম্ভাবনা কম তা পরিস্কার।
বাগেশ্বর, নৈনিতাল, পিথোরাগড়, চাম্পাওয়াত জেলায় অতি প্রবল বৃষ্টি চলবে বলেই জানানো হয়েছে। যে রাস্তাগুলি বন্ধ রয়েছে সেগুলি বন্ধ হয়েছে ধস নেমে। সেই ধস নেমে যে স্তূপাকৃতি জঞ্জাল রাস্তার ওপর জমা হয়েছে তা সাফ না করা পর্যন্ত এই পথগুলিতে যান চলাচল স্বাভাবিক হবেনা।
উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, তেহরি সহ বিভিন্ন জায়গায় অনেকগুলি করে রাস্তা বন্ধ রয়েছে। এদিকে রুদ্রপ্রয়াগের কাছে মন্দাকিনী ও অলকানন্দা নদীর জলস্তর প্রায় বিপদ সীমা ছুঁয়ে ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












