National

সবে চালু হওয়া ব্রিজে বিশাল গর্ত, বন্ধ যান চলাচল, ১৬ দিনে ১৬ কোটির কটাক্ষ বিরোধীদের

মাত্র কয়েকটা দিন হয়েছে নদীর ওপর চালু হওয়া একটা নতুন ব্রিজের। এই কদিনের মধ্যে সে ব্রিজে বিশাল গর্ত তৈরি হয়েছে। যার জেরে ওই ব্রিজে যান চলাচল বন্ধ।

দীর্ঘদিন ধরেই এই ব্রিজটির আশায় বসে ছিলেন স্থানীয়রা। এমনকি এই ব্রিজ লাগোয়া রাজ্যে যাওয়ারও এক অন্যতম সংযোগ হয়ে সামনে এসেছিল। এমন এক অতি গুরুত্বপূর্ণ ব্রিজের একটা অংশে এমন এক বিশাল গর্ত তৈরি হয়েছে যা দেখে অবাক স্থানীয়রা।

এ কেমন মালপত্র দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজ? মাত্র ১ রাতের বৃষ্টিতে ব্রিজে এমন এক বিশাল অংশ জুড়ে গর্ত তৈরি হয়েছে যে এ ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করতে হয়েছে প্রশাসনকে।

এদিকে এমন বেহাল দশা সামনে আসার পর বিরোধী কংগ্রেসও সুযোগ ছাড়েনি। ১৬ কোটি টাকা মাত্র ১৬ দিনেই চূর্ণবিচূর্ণ বলে কটাক্ষ করেছে তারা।

উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুনের পাশ দিয়ে বয়ে গেছে টোন্স নদী। যমুনার এই শাখানদীটির ওপর নন্দ কি চৌকি নামে জায়গায় তৈরি হয়েছিল একটি ব্রিজ। যা দেরাদুনের সঙ্গে হিমাচল প্রদেশে পৌঁছনোর অন্যতম সংযোগ হিসাবে সামনে এসেছিল।

সেই ব্রিজে মাত্র ১ রাতের বৃষ্টিতে এমন এক অতিকায় গর্ত সামনে আসার পর স্থানীয়রাও ব্রিজ তৈরিতে ব্যবহৃত উপকরণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন। বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসনও।

এদিকে চালু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে একটা ব্রিজের এমন বেহাল দশা বিরোধীদের জন্য এক বড় ইস্যু হয়ে সামনে এসেছে। সরকারকে এ নিয়ে বিঁধতে ফাঁক রাখছেন না বিরোধী নেতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App