National

একটা সুড়ঙ্গ বদলে দিল ভারতের ২ প্রধান শহরের মধ্যে যাতায়াত, সুড়ঙ্গ পেয়ে খুশি কৃষকরাও

একটা সুড়ঙ্গ হাসি ফোটাল অনেকের মুখে। ভারতের ২ প্রধান শহরের মধ্যে যাতায়াত তো আছেই, তার সঙ্গে স্থানীয় কৃষক থেকে পাথর ব্যবসায়ীরা বেজায় খুশি এই সুড়ঙ্গ পেয়ে।

একটা সুড়ঙ্গপথ। যা এতটাই কৌশলগত ভাবে সঠিক যে তা কার্যত দিল্লি ও মুম্বইয়ের সংযোগকারী এক্সপ্রেসওয়ের চেহারা বদলে দিল। সোমবারের আগে পর্যন্ত এই সড়ক ধরে যাতায়াত করা গাড়িগুলিকে রাজস্থানের দারা উপত্যকা এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত।

গাড়ির ভিড়ে যানজট ছিল নিত্যদিনের সমস্যা। কিন্তু এবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া রাজস্থানের কোটায় মুকুন্দ্র সুড়ঙ্গপথ তৈরি করে সে সমস্যার সমাধান করে দিল। পরিকল্পনায় ২টি সুড়ঙ্গপথ রয়েছে।

একটি সোমবার থেকে কার্যকর হল। অন্যটির কাজও প্রায় শেষ হয়ে এসেছে। ফলে সেটিও দ্রুত খুলে যাবে। একটি সুড়ঙ্গ পথ খুলে যেতেই এই পথে যাতায়াত করা গাড়ি থেকে পণ্যবাহী গাড়ি অনেকটাই নিশ্চিন্ত।

২টি কার্যকরি হয়ে গেলে এ পথ অনেক বেশি দ্রুত যাতায়াতের যোগ্য হবে। গন্তব্যে পৌঁছতে অনেকটা কম সময় লাগবে। বাঁচবে জ্বালানিও। যাঁরা এই মুম্বই দিল্লি এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করে থাকেন তাঁদের মুখে এই সুড়ঙ্গ হাসি ফুটিয়েছে।

কোটা বিখ্যাত তার পাথরের কাজের জন্য। সেই পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বেজায় খুশি এই সুড়ঙ্গ পেয়ে। এতে তাঁদের অনেক জায়গায় পণ্যপরিবহন সহজ হয়ে গেল।

আবার এখানকার কৃষকরাও খুশি। এর ফলে তাঁদের উৎপাদিত ফসল সড়কপথে দ্রুত বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারবে। পরিবহণ খরচও কমবে। ফলে মুকুন্দ্র সুড়ঙ্গপথ এই এলাকার যোগাযোগ ও অর্থনীতি বদলে দিতে পারবে বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App