ডিমের দাম এখন চর্চার বিষয়, সেই ডিমের রাজধানী বলে পরিচিত শহরটি অনেকের চেনা
ডিমের দাম নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে চর্চার অন্ত নেই। ডিম মানুষের প্রতিদিনের সঙ্গী। সেই ডিমের রাজধানী বলে পরিচিত একটি শহর।
ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ডিমের দাম সাড়ে ৮ থেকে অনেক দোকানে ৯ টাকাতেও পৌঁছেছে। একটা ডিমের এই দাম দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোড়ন পড়েছে। আর তা চলছে। কারণ ডিমের দাম এখনও চড়েই আছে। ৮ টাকা পিসের চেয়ে কম নয়।
সাধারণ মানুষের জীবনে সাধ্যের মধ্যে পুষ্টিকর একটি খাবার ডিম। ছোটদের প্রতিদিন ডিম খেতে বলছেন অনেক চিকিৎসক। ফলে ডিমের চাহিদা নিয়ে প্রশ্ন উঠতে পারেনা। সেই ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়া সাধারণ মানুষের জন্য চিন্তার কারণ হয়েছে।
ডিম ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন এই দাম বৃদ্ধির জন্য মুরগির খাবারের দাম বৃদ্ধির দিকে আঙুল তুলেছেন। ব্যবসায়ীদের মতে মুরগির খাবার কিনতে তাঁদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে। তাই দাম বাড়ছে।
ভারতে অবশ্য ডিমের দাম বৃদ্ধি হলেও চাহিদা রয়েছেই। ভারতের ডিমের চাহিদা রয়েছে বিদেশেও। মধ্যপ্রাচ্যে ভারত থেকে ডিম রফতানি চলে আসছে বহুদিন ধরে।
ভারতের অনেক প্রান্তেই মুরগির হ্যাচারি রয়েছে। সেখানে ডিম উৎপাদন হচ্ছে। তবে ডিমের রাজধানী বলা হয় একটি শহরকে। তামিলনাড়ুর নামক্কাল শহরকে বলা হয় ভারতের ডিমের রাজধানী। এখানে ডিম উৎপাদনের জন্য মুরগির খামার রয়েছে অনেক।
এখানকার বাসিন্দাদের বড় অংশ ডিম ব্যবসার সঙ্গে যুক্ত। শুধু ভারতে নয়, নামক্কাল থেকে প্রচুর ডিম বিদেশে রফতানি হয়। নামক্কাল এমন এক শহর যেখান থেকে রয়েছে ভারতের নানা প্রান্তে ডিম পৌঁছে দেওয়ার যাবতীয় সুবিধা, রফতানিরও বিশেষ সুবিধা, প্রচুর মুরগির খামার। যা এই স্থানকে ডিমের রাজধানীর তকমা এনে দিয়েছে।











