National

যে পুকুরকে পুজো করতেন গ্রামবাসীরা, এখন সেই পুকুরের ত্রিসীমানাতেও ঘেঁষছেন না তাঁরা

এই পুকুরের জলই ছিল একমাত্র ভরসা। একটা বিশাল গ্রামের মানুষের জীবনরেখা। সেই জলের ধারেকাছেও এখন ঘেঁষছেন না তাঁরা। কাউকে ঘেঁষতেও দিচ্ছেন না।

চারধারে জলের উৎস বলতে ওই একটা পুকুর। দূর দূর পর্যন্ত শুধুই জলহীন প্রান্তর। একটা গ্রাম কার্যত বেঁচেই আছে একটা পুকুরের ভরসায়। এ পুকুরের জলই তাঁদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলের উৎস।

আবার প্রতি পরিবারের দৈনন্দিন জলের নানা প্রয়োজন মেটারও ভরসা ওই পুকুরই। এ পুকুর তাঁদের জীবন। তাই এ পুকুরকে গ্রামের মানুষ কেবল একটি জলাধার নয়, ঈশ্বর জ্ঞানে পুজো করেন। প্রতি দিওয়ালীতে এই পুকুরটির বিশেষ পুজোর আয়োজন হয়। গ্রামের মানুষ পুকুরের ধারে হাজির হন পুজো দিতে।

রাজস্থানের ভিলওয়াড়া জেলার যশবন্তপুর গ্রামের এ পুকুরকে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখেন ধর্ম তালাও বা ধর্ম পুকুর নামে। ওই গ্রামে এই পুকুরটিকে অনেকে ঘট পুকুর বলেও ডাকেন।

সেই পুকুরের জলে সম্প্রতি এক আশ্চর্য বিষয় দেখতে পান সকলে। দেখেন পুকুরের জলে মাছের নিথর দেহ ভাসছে। ভাসছে প্রাণহীন পাখিদের দেহ। যা দেখার পর গ্রাম জুড়ে আলোড়ন পড়ে যায়। দ্রুত বিষয়টি প্রশাসনের কানে যায়।

প্রশাসনের তরফে কড়া নির্দেশিকা জারি করে বন্ধ করে দেওয়া হয় ওই পুকুরের জল ব্যবহার। জল সংগ্রহ করে রাজস্থানের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও পাঠানো হয়। তারা পরীক্ষা করে জানিয়ে দেয় জল বিষাক্ত হয়ে গেছে। জলে বিষাক্ত কিছু মিশেছে।

এটা জানার পর ওই পুকুরের ত্রিসীমানাতেও ঘেঁষছেন না গ্রামবাসীরা। তাঁরাই বরং পুকুরটিকে ঘিরে ফেলে তার চারধারে প্রহরায় রয়েছেন যাতে অন্য কেউ পুকুরের জল না ছুঁতে পারেন।

এই গ্রামে পানীয় জল ছাড়া আর সবরকম জলের ব্যবহার হত এই পুকুরের জলে। কেবল পানীয় জল নেওয়া হত পুকুরের থেকে কিছুটা দূরে একটি হ্যান্ড পাম্প থেকে। কিন্তু সেই হ্যান্ড পাম্প থেকে জল নেওয়াও বন্ধ করেছে প্রশাসন। যদি সেই জলও মাটির তলায় কোনওভাবে বিষাক্ত হয়ে থাকে, সেই আতঙ্কে।

গ্রামের একমাত্র জলের উৎস এই পুকুর থেকে জল না পেয়ে কার্যত গ্রামবাসীদের মাথায় হাত। না হচ্ছে চাষাবাদ, না গৃহপালিত পশুদের পানীয় জলের ব্যবস্থা হচ্ছে।

গ্রামবাসীদের জন্য পানীয় জলের অবশ্য প্রশাসনের তরফে ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও এটা জানা যায়নি পুকুরের জলে এমন বিষক্রিয়া হল কীভাবে। সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article