National

রাতারাতি উধাও হয়ে গেল ১৩২ ফুটের মোবাইল টাওয়ার

এর আগে আস্ত ব্রিজ উধাও হয়েছে। এবার উধাও হয়ে গেল একটা ১৩২ ফুটের মোবাইল টাওয়ার। সঙ্গে উধাও হল একটি জেনারেটর।

আকাশছোঁয়া সুউচ্চ মোবাইল টাওয়ার কেমন হয় সে সম্বন্ধে সকলের একটা ধারনা আছে। সেই টাওয়ার যে রাতারাতি উধাও হয়ে যেতে পারে তা কেউ হয়তো কল্পনাও করতে পারবেননা।

ওই বিশাল কাঠামো তো নিয়ে পালানো যায়না। কিন্তু যেখানে একটা আস্ত ব্রিজ রাতারাতি উধাও হয়ে যায়, সেখানে মোবাইলের ১৩২ ফুটের টাওয়ারও উধাও হওয়াটা অবাক নাও করতে পারে।

ওই বিশাল আকারের মোবাইল টাওয়ার কে বা কারা নিয়ে চম্পট দিল তা অজানা। যাঁর জমিতে ছিল সেই মোবাইল টাওয়ার তিনিও কিছু জানেননা বলেই জানিয়েছেন তদন্তকারীদের।‌

শুধু মোবাইল টাওয়ারটিই নয়, তার সঙ্গে সংযুক্ত একটি জেনারেটর, মোবাইল টাওয়ারে লাগানো থাকা নানা যন্ত্রাংশও উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার দুমরাও শহরে।

এ ঘটনার তদন্তে নেমে পুলিশও হতবাক হয়ে গেছে। তারাও কোনও কুল খুঁজে পাচ্ছেনা। মোবাইল টাওয়ার এভাবে তুলে নিয়ে যাওয়া সহজ কথা নয়। তারজন্য যথেষ্ট প্রস্তুতি লাগে। তাছাড়া মোবাইল টাওয়ার নিতে গেলে প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন।

এটা যে একদিনের কাজ নয়, তা পুলিশের কাছে পরিস্কার। অনেকদিন ধরে পরিকল্পনা করে এ কাজ করা হয়েছে। কিন্তু কারা এর পিছনে রয়েছে সেটাই বুঝতে পারছেনা পুলিশ। যদিও মোবাইল টাওয়ারটি অকেজো অবস্থায় ছিল। তবু ওই বিশাল কাঠামোর কিছুই বাকি নেই। পড়ে আছে কেবল ফাঁকা মাঠ।

Show Full Article