National

বালিশ নিয়ে বিদ্যুৎ দফতরের অফিসে হাজির হলেন মহিলা, অভিনব প্রতিবাদ

রাতে বালিশ নিয়ে বিদ্যুৎ দফতরের অফিসে হাজির হলেন এক মহিলা। অবাক হয়ে কর্মীরা কারণ জিজ্ঞাসা করায় তিনি জানান শুতে এসেছেন।

তিনি সারাদিনই ব্যস্ত থাকেন। কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়। আবার পরদিন ভোর ৬টা নাগাদ কাজে বেরিয়ে যান। মাঝে ওই কয়েক ঘণ্টা তিনি বিশ্রাম নেওয়ার সুযোগ পান। কিন্তু গত বেশ কয়েকদিনে সেইটুকু বিশ্রামও জোটেনি। কারণ এলাকা জুড়ে দফায় দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া।

রাতে বিশ্রাম নেওয়ার সময়, ঘুমের সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে ঘুম তো ভেঙেই যায়। একে প্রবল গরম। তারমধ্যে রাতে বিদ্যুৎ যাওয়া নিত্যদিনের ঘটনায় পরিণত হওয়ায় ওই মহিলা রাতটুকুও ভালভাবে বিশ্রাম নিতে পারছেন না। নিদ্রাহীন ক্লান্ত দেহেই ফের তাঁকে পরদিন ভোরে কাজে বার হতে হয়। এটা আর সহ্য করে উঠতে পারেননি ওই মহিলা।

তিনি এক অভিনব প্রতিবাদের রাস্তায় হাঁটেন। একটা বালিশ নিয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরে হাজির হন। রাতে সেখানে পৌঁছে তিনি কর্মরতদের জানান সেখানে তিনি ঘুমোতে এসেছেন।

তিনি বিদ্যুৎ দফতরে কর্মরতদের এও জানান যে, তাঁর এলাকায় তো সারা রাত বিদ্যুৎ থাকে এমন জায়গাই খুঁজে পাওয়া মুশকিল। তাই তিনি খোদ বিদ্যুৎ দফতরেই হাজির হয়েছেন। কারণ এখানে অন্তত সারারাত বিদ্যুৎ পাওয়া যাবে।

মহিলার এই প্রতিবাদের ভাষা সারা দেশে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। নবি মুম্বইয়ের উল্বে এলাকার এই ঘটনা রীতিমত নজর কেড়েছে সকলের।

সমাজ মাধ্যমে হুহু করে ছড়ায় এই বালিশ প্রতিবাদ। সাধারণ মানুষের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এমন প্রতিবাদের প্রয়োজন আছে বলেও মতামত ব্যক্ত করেছেন অনেকে।

Show Full Article
nilkantho.in App