NationalNews

আম্রপালির ব্রিটেন যাত্রা দিয়ে নতুন পথচলা শুরু করল প্রতিবেশী রাজ্য

ব্রিটেনে পাড়ি দিল আম্রপালি আম। আর তার সঙ্গেই ইতিহাস রচনা করল প্রতিবেশী রাজ্য। এক নতুন পথচলার ইতিহাস। যার আনুষ্ঠানিক সূচনা হল কলকাতা থেকে।

ভারতীয় আমের কদর বিদেশের মাটিতে যে কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ভারতবাসীর সঙ্গে ভারতীয় আমের স্বাদে মন ভরাতে সারা বছর মুখিয়ে থাকেন বিভিন্ন দেশের মানুষও। ভারতের নানা প্রান্তের আম বিদেশে রফতানি হয়। বিভিন্ন রাজ্য থেকে আম বিদেশে পাড়ি দিলেও এতদিন ঝাড়খণ্ডের আম বিদেশে যায়নি। এবার সেই খরা কাটল। ঝাড়খণ্ডও যুক্ত হল বিদেশে আম পাঠানো রাজ্যের তালিকায়।

ঝাড়খণ্ডের আম্রপালি আম দিয়েই শুরু হল এই নতুন পথচলা। দেড় মেট্রিক টন আম্রপালি আম পাড়ি দিল ব্রিটেনে। যার আনুষ্ঠানিক সূচনা হল কলকাতায়।

ঝাড়খণ্ডের সিমদেগা জেলার একটি মহিলা পরিচালিত কৃষি সংস্থা এই দেড় মেট্রিক টন আম্রপালি আমের বরাত ব্রিটেনে পাঠিয়েছে। এই প্রথম ঝাড়খণ্ড থেকে আম পাড়ি দিল বিদেশে। যা ঝাড়খণ্ডের জন্য অবশ্যই উল্লেখযোগ্য এক অধ্যায়ের সূচনা।

বিদেশে আম রফতানির সূত্রপাত ঝাড়খণ্ডের আম্রপালি আম চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। কারণ দেশীয় বাজারে এই আম বিক্রি করে যে অর্থ তাঁরা এতদিন রোজগার করেছেন, বিদেশে আম পাঠিয়ে তার চেয়ে বেশি অঙ্কের মুনাফার মুখ দেখতে পেয়েছেন তাঁরা।

ঝাড়খণ্ডের আবহাওয়া কিন্তু চাষের উপযোগী। এখানকার আম্রপালি আম যথেষ্ট প্রসিদ্ধ। মন ভাল করা স্বাদ ও গন্ধের জন্য আম্রপালি আমের কদর ভারতীয় বাজারে আগেই ছিল। এবার বিদেশের বাজারেও তার কদর তৈরি হল।

Show Full Article