জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার করলেন বলিউড তারকা, মুকুটে জুড়ল নতুন পালক
তিনি ভারতীয় চলচ্চিত্রে পরিচিত নাম। তিনি শরীর সচেতন মানুষ হিসাবেও পরিচিত। সেই মানুষটির মুকুটে এবার নতুন পালক। সাঁতরে পার করলেন জিব্রাল্টার প্রণালী।
ইউরোপ ও আফ্রিকার মাঝখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী। আটলান্টিক মহাসাগরের ওপর এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সমুদ্রপথ। যার একদিকে রয়েছে ইউরোপের স্পেনের স্থলভাগ। অন্যদিকে আফ্রিকার মরক্কোর স্থলভাগ। এই ২ স্থলভাগের মাঝখানে জলভাগ হল জিব্রাল্টার প্রণালী।
৫৮ কিলোমিটারের এই জলপথ জাহাজ চলাচলের অন্যতম রুট। এবার সেই জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার করলেন বলিউড তারকা মিলিন্দ সোমন। তবে তিনি এমন একটা অংশ দিয়ে সাঁতরে ইউরোপ থেকে আফ্রিকা পৌঁছন যেটা ১৫ কিলোমিটার জলপথ।
মিলিন্দ শরীর সচেতন হিসাবেও পরিচিত। নিয়মিত নানাধরনের শরীরচর্চার মধ্যে থাকতে পছন্দ করেন। একসময় মডেলিং দুনিয়াতেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন।
সেই মিলিন্দের এখন বয়স ৬০ বছর। এই বয়সে পৌঁছেও যে পেশীবহুল মেদহীন শরীর ধরে রাখা যায়, ফিট থাকা যায়, সেটা যেমন তিনি বারবার প্রমাণ করেন। তেমনই তিনি সাঁতারেও কতটা দক্ষ তা প্রমাণ করে দেখালেন।
নিজের এই সাফল্যের কথা মিলিন্দ নিজের সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরেছেন। স্পেনের তারিফা থেকে মরক্কোর উপকুল পর্যন্ত সাঁতার কাটেন তিনি। যা তাঁর জন্য অবশ্যই তাঁর জীবনের এক অন্যতম সাফল্য।
প্রসঙ্গত গত এপ্রিলেই মিলিন্দ সোমন তাঁর স্ত্রী অঙ্কিতা কোঁয়ারকে সঙ্গে করে হাজির হয়েছিলেন গোয়ায়। সেখানে টানা ৮ ঘণ্টা সমুদ্রে সাঁতার কাটেন তিনি। সমুদ্রে টানা ৮ ঘণ্টা সাঁতার কাটার অভিজ্ঞতাটা তিনি তারিয়ে উপভোগ করেছেন বলেও জানিয়েছিলেন মিলিন্দ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












