Entertainment

কম খরচের টিকিটে বিমান যাত্রা করেও কটাক্ষ হজম করতে হল কার্তিক আরিয়ানকে

কম খরচে বিমান যাত্রা মানে ইকোনমি ক্লাসে যাত্রা করা। সেই টিকিটেই যাত্রা করছিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। কিন্তু তাতেও রেহাই নেই।

পরনে একটি নীল পাউডার টিশার্ট। সঙ্গে খাপ খাওয়া প্যান্ট। এক ঝকঝকে যুবক বিমানে তাঁর বসার সিটটি খুঁজে বেড়াচ্ছেন। যিনি বেড়াচ্ছেন, তিনি যে অত্যন্ত পরিচিত মুখ তা বলে দেওয়ার দরকার পড়েনি কাউকে। সকলেই চিনতে পারেন তাঁদের সঙ্গে যাত্রা করছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান।

কিন্তু কার্তিক আরিয়ানের মত প্রথমসারির অভিনেতা এভাবে ইকোনমি ক্লাসে যাত্রা করছেন! কিছুটা অবাক হয়ে যান সকলেই। এদিকে কার্তিক আরিয়ান যে ইন্ডিগো-র ইকোনমি ক্লাসে যাত্রা করেছেন সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে চিত্রগ্রাহক বিরল ভায়ানির হাত ধরে।

ফলে বহু মানুষের নজর কাড়ে কার্তিকের এই বিমানের সবচেয়ে কম দামি টিকিটের শ্রেণি হিসাবে পরিচিত ইকোনমি ক্লাসে ভ্রমণ।

ঠিক কেন কার্তিক ইকোনমি ক্লাসে যাত্রা করছিলেন তা জানা যায়নি। এমনকি তার জন্য কার্তিক আরিয়ানেরও কিছু যায় আসেনি। কিন্তু নেটিজেনরা এই ছবি দেখার পর তাঁকে পাঁচ কথা শোনাতে ছাড়েননি।

এক নেটিজেনের মতে, এসব এখন সিনেমার প্রচারের নতুন হাতিয়ার। একজন তো হেরাফেরি সিনেমার বিখ্যাত সংলাপ তুলে দিয়েছেন, প্রমোশন কা চক্কর বাবু ভাইয়া প্রমোশন কা চক্কর। কারও মতে এটা পাবলিসিটি স্টান্ট।

যদিও কার্তিকের পাশেও দাঁড়িয়েছেন কয়েকজন। তাঁরা পাল্টা জবাব দিয়ে জানিয়েছেন, ইন্ডিগোতে ইকোনমি ক্লাস ছাড়া আর কিছু হয়না। আর একজন লিখেছেন, কার্তিক আরিয়ান বরাবরই মধ্যবিত্ত মানসিকতার ছেলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *