উঁচু ক্লাসের ছাত্রীদের পরা জুতো বিক্রি হচ্ছে অনলাইনে, উদীয়মান সূর্যের দেশে চর্চা তুঙ্গে
উঁচু ক্লাসের ছাত্রীরা যে জুতো স্কুলে পরে সেই ব্যবহার করা জুতো বিক্রি হচ্ছে অনলাইনে। বলা ভাল এমন হিড়িক পড়ে গেছে। অনেকেই যা ভাল চোখে নিচ্ছেন না।
এক এক দেশে এক এক নিয়ম। যেমন এই দেশটিতে স্কুল হোক বা কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনও অন্য জায়গা, রাস্তা থেকে গিয়ে সেখানে ঢুকতে গেলে জুতো বদল করতে হয়। সেখানে দরজার বাইরে রাস্তায় পরা জুতো রাখার ব্যবস্থা থাকে।
সেখানে সেই জুতো রেখে ভিতরে পরে ঘোরার জুতো পায়ে দিতে হয়। তারপর সে স্কুল হোক বা বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও, ওই ঘরের জুতো পরে ঘুরতে হয়। আবার রাস্তায় বার হওয়ার হলে বাইরে রাখা রাস্তায় ব্যবহার করার জুতো পরে বেরিয়ে যেতে হয়।
এই নিয়ম জাপানে দীর্ঘদিন ধরে চলে আসছে। উদীয়মান সূর্যের দেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পরার জন্য যে জুতো হয় তা প্রধানত সাদা হয়। সেই জুতো যাতে অন্যের সঙ্গে গুলিয়ে না যায় তার জন্য জুতোর ওপর কোনও ডিজাইন বা নাম লিখে রাখে ছাত্রছাত্রীরা।
জাপানে এখন এই সাদা জুতো খবরে উঠে এসেছে। তাও আবার কেবল উঁচু ক্লাসের মেয়েদের জুতো। সেগুলি অনেকবার যে পরা তা পরিস্কার। তেমন সব জুতো অনলাইনে বিক্রি হচ্ছে মোটা দামে।
তবে সেই প্রতিষ্ঠানের মধ্যে পরার জুতো কিশোরী বা তরুণী ছাত্রীদের হতে হচ্ছে। যা একেবারেই মেনে নিতে পারছেন না সে দেশের একাংশ।
এর সঙ্গে এক বিকৃত ভাবনা জড়িয়ে আছে বলে মনে করছেন তাঁরা। নাহলে কেন এত দাম দিয়ে এমন বহুবার পরা জুতো কেউ কিনতে যাবেন সে প্রশ্নও উঠছে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।












