মোটা হওয়া মানা, এ দেশে কোমর নির্দিষ্ট সীমা পার করলেই গুনতে হবে জরিমানা
এ এমন এক দেশ যেখানে আইনত মোটা হওয়া মানা। যদি কারও কোমরের মাপ নির্দিষ্ট সীমার ওপর হয় তাহলে তাঁকে জরিমানার মুখে পড়তে হবে।
মোটা হয়ে যাওয়া বা স্থূলতা বিশ্বজুড়েই একটা সমস্যা। ছোটদের মধ্যেই এই সমস্যা বাড়ছে। তবে একটি দেশ বিষয়টি নিয়ে কেবল সতর্কই নয়, তারা আইনত মোটা হওয়া রোধ করার জন্য সচেষ্ট। যেখানে চালু রয়েছে মেটাবো ল্ বা মেটাবো আইন।
এই আইনে ৪০ বছর বয়সী থেকে ৭৪ বছর বয়সী পর্যন্ত দেশবাসীকে প্রতিবছর কোমর মাপতে হবে। সেই মাপ কত হল তা সরকারকে জানাতে হবে। যদি দেখা যায় কোনও বছর কারও কোমরের মাপ সরকারের নির্ধারিত সর্বোচ্চ কোমরের মাপের চেয়ে বেশি হল তাহলে তাঁকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
হয় তাঁর মোটা অঙ্কের জরিমানা হবে অথবা তাঁকে ওজন কমানোর জন্য ওয়েট লস প্রোগ্রামে শামিল করা হবে। সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে ২টোকেই শাস্তি হিসাবে ধরা হয়।
প্রত্যেক দেশবাসী যাতে সুস্থ দেহের অধিকারী এবং দীর্ঘায়ু হতে পারেন সেদিকে নজর দেয় জাপান সরকার। জাপান সেই দেশ যেখানে সহজ করে বললে মোটা হওয়া মানা। রয়েছে মেটাবো আইন।
জাপান সরকার দেশজুড়ে স্থূলতার কারণে তৈরি হওয়া স্বাস্থ্যজনিত সমস্যা রোধে এতটাই সচেষ্ট যে তারা এমন একটি আইন চালু রেখেছে। প্রতিবছর কোমরের মাপ নেওয়া হলে নাগরিকরাও কোমরের মাপ সঠিক রাখার বিষয়ে বছরভর সচেতন থাকবেন। তাতে আখেরে তাঁরা নিজেরাই সুস্থ জীবন যাপন করতে পারবেন।












