World

৩ হাজার বছর পুরনো ঘোড়ার খোঁজ, ঘোড়াটি কি কাজ করত তাও জানা গেল

এক উল্লেখযোগ্য আবিষ্কারের হাত ধরে ৩ হাজার বছর আগের কিছু বিষয় জানতে পারলেন প্রত্নতাত্ত্বিকরা। পাওয়া গেল একটি ৩ হাজার বছর পুরনো ঘোড়ার খোঁজ।

বিশেষজ্ঞেরা এই আবিষ্কারকে যথেষ্ট উল্লেখযোগ্য হিসাবে দেখছেন। মাটি খুঁড়ে তো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। যা অনেক প্রাচীন ইতিহাসকে জানার সুযোগ করে দেয়। এভাবেই একটি দুর্গের মধ্যে চলছিল মাটি খোঁড়ার কাজ।

যেখানে প্রত্নতাত্ত্বিকরা ঐতিহাসিক নিদর্শন খোঁজার চেষ্টা করছিলেন। আর তা করতে গিয়ে তাঁরা মাটির তলা থেকে পান একটি ঘোড়ার সমাধি। যেখানে ঘোড়াটির হাড়গোড় পান তাঁরা।

ঘোড়ার সমাধি বিষয়টি প্রত্নতাত্ত্বিকদের বেশ অবাক করলেও ঘোড়াটির পাশ থেকে যা উদ্ধার হয় তাতে তাঁদের কাছে ঘোড়াটির কাজ যেমন পরিস্কার হয়, তেমনই তাকে বেশ নিয়ম মেনে সমাধিস্থ করা হয়েছিল বলেও জানতে পারেন বিশেষজ্ঞেরা।

ঘোড়াটির সমাধি পাওয়া গিয়েছে মিশরের পশ্চিম নীলনদের বদ্বীপে থাকা একটি প্রাচীন দুর্গে। দুর্গটি একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চল আবকা-তে অবস্থিত। ৩ হাজার বছর আগে এখানে ঘোড়াটি সেনাবাহিনীর অংশ ছিল।

হয় সেটি যুদ্ধের সময় কোনও রথ টানত। নয়তো তরুণ বয়সের পুরুষ ঘোড়াটি অন্য কোনও সেনাবাহিনীর কাজে যুক্ত ছিল। এমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।

ঘোড়াটির সমাধির পাশে সে সময়ের যুদ্ধে ব্যবহার হওয়া রথের কিছু অংশ পাওয়া গিয়েছে। এসব পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন যেমন তেমন ভাবে নয়, রীতিমত আয়োজন করে নিয়ম মেনে ঘোড়াটিকে সমাধিস্থ করা হয়েছিল। তাকে সেই সম্মান প্রদর্শন করা হয়েছিল। মিশরের পর্যটন ও পুরাতত্ত্ব বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

Show Full Article