পিরামিডের দেশে নতুন সৌধের খোঁজ, মাটির তলায় পাওয়া গেল অজানা পরিকাঠামো
এক নতুন আবিষ্কারের ছোঁয়া পেল পিরামিডের দেশ। এখনও যে সেখানে মাটির তলায় কত ইতিহাস লুকিয়ে আছে তা অজানা। নতুন আবিষ্কার জানান দিল নতুন এক শাসনের।
পিরামিডের দেশে খননকাজ কখনও যেন শেষই হয়না। মিশরের প্রত্নতাত্ত্বিকরা তো আছেনই, সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা গবেষকেরা বছরভর নানা প্রান্তে খননকাজ চালিয়ে যান। যাতে ফলও হয়।
যেমন নেদারল্যান্ডসের একদল গবেষক এক নতুন সৌধের সন্ধান পেয়ে গেলেন মিশরে। মাটি খুঁড়ে তাঁরা যে সৌধের দেখা পান তার চারধারের দেওয়াল, মাটির তলার সমাধিক্ষেত্র, দেওয়ালের গায়ে প্রাচীন লিপি, অনেক কিছু বলে দিল। জানান দিল মিশরের এক অজানা ইতিহাসের। এক অজানা শাসকের কথা।
মিশরের লাক্সারে থেবান নেক্রোপলিসে খননকাজ চালিয়ে নেদারল্যান্ডসের এই গবেষকেরা দেখা পান এতদিন লুকিয়ে থাকা এক সৌধের। খ্রিস্টের জন্মের ১৫৫০ বছর আগে থেকে ১০৬৯ আগে পর্যন্ত মিশরে নব্য মিশরীয় সাম্রাজ্যের যুগে এখানে দাপটে শাসন চালানো হয়েছে।
যার কথা পরিস্কার করে জানা ছিলনা। দেওয়ালের গায়ে যে লেখা রয়েছে তারও পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। পাসের নামে ওই সৌধের মালিকের নামও পাওয়া গিয়েছে। সম্ভবত তিনিই এখানে শাসন চালাতেন বলে মনে করা হচ্ছে।
এই যে চত্বরটি মাটির তলা থেকে উদ্ধার হয়েছে তাতে সিঁড়ি রয়েছে। রয়েছে সদর দরজা। মাটির ইটের দেখাও পাওয়া গিয়েছে এখানকার প্রাচীন কাঠামোয়।
এছাড়া পাসের নামে ওই শাসকের কর্মকাণ্ড রঙিন ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল সে সময়। যে ছবিগুলিও উদ্ধার করেছেন গবেষকেরা। এ সবকিছুই মিশরের এক অজানা ইতিহাসকে সামনে এনে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











