World

৩ হাজার বছর পুরনো ৩ টুকরো স্তম্ভ শোনাবে হারিয়ে যাওয়া শহরের কথা

মাটির তলা থেকে পাওয়া গেল একটি স্তম্ভ। গোটা নয়। ৩টি টুকরোয়। যার বয়স ৩ হাজার বছর বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। যা বলবে এক হারিয়ে যাওয়া শহরের কথা।

প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজে চলছিল খননকাজ। সেই খননকাজের সময় মাটির তলা থেকে পাওয়া যায় একটি স্তম্ভ। স্তম্ভটির গায়ে অনেক লিপি খোদাই করা রয়েছে। স্তম্ভ একটা হলেও তা ৩ টুকরো হয়ে গিয়েছিল।

সেই অবস্থাতেই তা পাওয়া যায়। এই একটা স্তম্ভ আবিষ্কার কিন্তু বিজ্ঞানীদের অনেক আশার আলো দেখিয়েছে। তাঁরা মনে করছেন এই স্তম্ভে যা খোদাই করা রয়েছে তা অনেক কথা বলে দিচ্ছে।

মিশরের অন্যতম রাজা দ্বিতীয় রামেসিস-এর কথা লেখা রয়েছে সেখানে। অন্য একটি টুকরোতে রয়েছে মিশরের দেবতা হোরাস-এর কথা। মেসেন শহরের সর্বময় কর্তা হিসাবে লেখা রয়েছে হোরাসের কথা।

এই টুকরোটা পাওয়ার পর গবেষকদের ধারনা তাঁরা হারিয়ে যাওয়া শহর মেসেন-এর কথা জানতে পারবেন। উত্তর পূর্ব মিশরের তেল আবু সেইফি নামে জায়গায় এই প্রত্ননিদর্শন পাওয়া গেছে। যেখানে খনন চালিয়ে উপাসনা স্থল, গোপন কুঠরি, মাটির ইটের দেওয়ালের খোঁজ পাওয়া গেছে।

সব দিক খতিয়ে দেখে প্রাচীনকালে হারিয়ে যাওয়া মেসেন শহরের ইতিহাস জানার অপেক্ষায় রয়েছেন গবেষকেরা। তাঁরা মনে করছেন সেই হারিয়ে যাওয়া ইতিহাস এই খনন থেকে পাওয়া যেতে পারে। পাওয়া যেতে পারে ওই ৩ টুকরো হওয়া স্তম্ভের গায়ে থাকা লেখা থেকে।

তাছাড়া এই পথেই মিশর থেকে ভূমধ্যসাগরীয় এলাকায় অস্ত্র সরবরাহ হত বলেও মনে করছেন গবেষকেরা। সে তথ্যও বিস্তারিতভাবে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। নিউ ইয়র্ক পোস্ট সহ বিভিন্ন পত্রিকায় এই খবরটি রীতিমত নজর কেড়েছে।

Show Full Article