Entertainment

শাহরুখ খানকে দেখে জীবনের খুব বড় সিদ্ধান্ত নেন আয়ুষ্মান খুরানা

শাহরুখ খানের তিনি অন্ধ ভক্ত। তাঁর সেই তথাকথিত গুরুর পথে হেঁটে আয়ুষ্মান খুরানা একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেন। বলা ভাল কেরিয়ারের অন্যতম প্রধান সিদ্ধান্ত ছিল সেটা।

শাহরুখ খানের ভক্ত সংখ্যা গুনে শেষ করা মুশকিল। বলিউড কিংয়ের শুধু এ দেশেই নয়, বিদেশেও ভক্তের অভাব নেই। সেই তালিকায় শুধু সাধারণ মানুষই নন সেলেব্রিটিরাও রয়েছেন। শাহরুখ খানের জগতের মানুষও তাতে শামিল। যাঁরা নিজেদের প্রতিভার জোরে আজ বলিউডে প্রতিষ্ঠিত। যাঁদের অভিনয় নিয়ে চর্চা হয় সিনেমা বিশেষজ্ঞদের মধ্যে।

শাহরুখের এমনই এক ভক্তের নাম আয়ুষ্মান খুরানা। যিনি ভারতীয় সিনেমায় এক বলিষ্ঠ অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত। সেই আয়ুষ্মান খুরানা শাহরুখ খানের সিনেমা দেখার জন্য সপ্তম শ্রেণিতে থাকাকালীন সাইকেলে চেপে হলে যেতেন।

সে সময় শাহরুখের দিল তো পাগল হ্যায় সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমাটি দেখার জন্য টিকিট কাটতে গিয়ে সেই সময় ছাত্র আয়ুষ্মান দেখেন টিকিট শেষ।

কিন্তু এতদূর এসে সিনেমা না দেখে তো ফিরে যাওয়া যায় না। তাই সেদিনের সেই ছোট্ট ছেলে আয়ুষ্মান সেদিন হলের শেষপ্রান্তে এক কোণায় ঠায় দাঁড়িয়ে পুরো সিনেমাটা দেখেছিলেন।

শাহরুখ খান এক সময় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে পড়া শুরু করেছিলেন। পরে অভিনয়ের জন্য সেই পড়াশোনা এগোতে পারেননি।

কিন্তু হালফিল মুক্তি পাওয়া দ্যা অ্যাকশন হিরো সিনেমার নায়ক আয়ুষ্মান এতটাই শাহরুখ ভক্ত ছিলেন যে শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করে তিনিও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন।

কোন বিষয়ে পড়াশোনা করব তা একজন মানুষের জীবনের খুব বড় সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও আয়ুষ্মান খুরানা নিজের ইচ্ছাকে নয়, শাহরুখ খানের বেছে নেওয়া বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *