Entertainment

পাতাল লোক নিয়ে ফাঁপরে অনুষ্কা

একের পর এক অভিযোগ। ওয়েব সিরিজ পাতাল লোক নিয়ে মহা ফাঁপরে পড়ে গেলেন বলিউড অভিনেত্রী তথা প্রযোজক অনুষ্কা শর্মা।

লখনউ : আগেই নেপালি ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে বলিউড অভিনেত্রী তথা প্রযোজক অনুষ্কা শর্মার ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ নেপালিদের চক্ষুশূল হয়েছে। এবার পাতাল লোক-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করলেন উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি পাতাল লোক ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন নন্দকিশোর।

বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেছেন যেভাবে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের তুলে ধরতে গিয়ে তাঁর ছবি কোনও এডিট করা ছাড়াই দেখানো হয়েছে তা অন্যায়। বালকৃষ্ণ বাজপেয়ী নামে এক দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদের পিছনে গুর্জর বসে রয়েছেন ছবিতে। ছবিটি তোলা হয়েছিল ২০১৮ সালে একটি অনুষ্ঠানে। সেই ছবিটিকেই এদিক ওদিক করে দেখানো হয়েছে পাতাল লোক-এ।

গুর্জর অভিযোগ করেছেন এভাবে ছবি ব্যবহার করে আদপে বিজেপি-র ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। অনুষ্কা শর্মার বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন-এ ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন ওই বিধায়ক। ওয়েব সিরিজটি অবিলম্বে বন্ধ করারও দাবি তুলেছেন তিনি। ফলে নেপালি রোষের পর এবার নতুন করে ফাঁপরে পড়লেন অনুষ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *