National

উত্তরপূর্বের রাজ্যগুলিতে প্রবেশ করল বর্ষা, পাওয়া গেল উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পূর্বাভাসও

উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করল বর্ষা। নির্ধারিত সময়ের ২ দিন পর প্রবেশ ঘটল বর্ষার। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া অংশে কবে ঢুকছে বর্ষা তার পূর্বাভাসও পাওয়া গেল।

ভারতে বর্ষা ঢুকতে একটু দেরি করলেও এখন তার ছড়িয়ে পড়ার গতি বেশ ভালই। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গেছে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে। রবিবারই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রবেশ করেছে বর্ষা। অসম ও অরুণাচল প্রদেশের কিছু অংশেও বর্ষার প্রবেশ ঘটেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই পুরো উত্তরপূর্ব ভারতে বর্ষা ছড়িয়ে পড়বে। বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে ভাল বৃষ্টিও শুরু হয়েছে উত্তরপূর্ব ভারতের একটা বড় অংশে।

উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি অনেকটাই কৃষি নির্ভর। যা চেয়ে থাকে ভাল বর্ষার দিকে। ভাল বৃষ্টি হলে কৃষিভিত্তিক উত্তরপূর্বের রাজ্যগুলিতে চাষাবাদ ভাল হয়। যা সেখানকার মানুষের মুখে হাসি ফোটায়।

এবার এল নিনো নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আবহবিদদের কপালে। ভারতে এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আবহবিদেরা মনে করছেন উত্তরপূর্ব ভারতে এল নিনো-র প্রভাবে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা তেমন নেই। বরং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে এবার স্বাভাবিক বর্ষা হবে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ। ভাল বৃষ্টি পাবে দেশের এই অংশ।

পশ্চিমবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে বর্ষার প্রবেশ কবে হতে পারে তার ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস। হিমালয়ের কোল ঘেঁষা উত্তরবঙ্গে ৩ থেকে ৪ দিনের মধ্যেই বর্ষার প্রবেশ ঘটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের দিনক্ষণ এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article