মরু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন সামাল দিতে স্বাস্থ্য পরিষেবায় বদল চাইছেন বিশেষজ্ঞেরা
মরু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন আর ভবিষ্যতের সমস্যা নেই। এটা এখন বর্তমান সমস্যা। যা মোকাবিলা করতে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাতে পরিবর্তন চাইছেন বিশেষজ্ঞেরা। পরিবর্তন চাইছেন শিক্ষা ক্ষেত্রেও।
আবহাওয়ার বদল হচ্ছে বিশ্ব জুড়েই। কোথাও তার প্রভাব পড়ছে একটু বেশি। তো কোথাও একটু কম। ভারতেও আবহাওয়ার খামখেয়ালি আচরণ দেখতে পাওয়া যাচ্ছে। বদলে যাচ্ছে চেনা আবহাওয়া। মরু রাজ্য রাজস্থান এখন এই আবহাওয়া পরিবর্তনকে কেন্দ্র করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেবল জনস্বাস্থ্যই নয়, তার সঙ্গে এর প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়, দৈহিক পুষ্টিতে, দৈনন্দিন জীবন যাপনে। সেইসঙ্গে ক্রমশ বাড়ছে জলের অভাব। একটানা তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত পরিস্থিতিকে ঘোরাল করেই চলেছে।
এই আবহাওয়ার পরিবর্তন আর ভবিষ্যতের সমস্যা নেই। তা এখন বর্তমান সমস্যা। যার মোকাবিলা করতে দ্রুত একাধিক পদক্ষেপ করতে হবে। এমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।
জলাভাব এবং বদলের আবহাওয়া শিশু থেকে বৃদ্ধ থেকে মহিলা সকলের ওপর প্রভাব ফেলছে। আবহাওয়া পরিবর্তনের কথা মাথায় রেখে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবায় পরিবর্তন চাইছেন বিশেষজ্ঞেরা। আবহাওয়া পরিবর্তন মোকাবিলার জন্য যে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো তৈরি করা দরকার তা দ্রুত করে ফেলতে হবে বলেই মনে করছেন তাঁরা। যাতে প্রয়োজন পড়লে আবহাওয়া পরিবর্তনের জন্য তৈরি হওয়া শারীরিক ঝুঁকি সামাল দেওয়া যেতে পারে।
শিক্ষা ক্ষেত্রেও পরিকাঠামো বদলে জোর দিচ্ছেন তাঁরা। প্রবল গরমের জন্য পড়ুয়া থেকে শিক্ষক যে কেউ অসুস্থ হতে পারেন। সেটা মাথায় রেখেই শিক্ষাক্ষেত্রকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মত করে তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পরিবর্তন ও অসহ্য গরম মোকাবিলার জন্য জল সংরক্ষণ রাজস্থানের জন্য জরুরি। যেভাবে মরু রাজ্যে ক্রমশ জলের সমস্যা বাড়ছে তাতে তা সামাল দিতে বৃষ্টির জল সংরক্ষণ, যে উৎসগুলি থেকে জল আসছে সেগুলির উপযুক্ত সংরক্ষণ, মাটির তলার জল রক্ষা করার মত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞেরা। সব মিলিয়ে রাজস্থান এখন আবহাওয়া পরিবর্তনের কারণে এক চ্যালেঞ্জের মুখে। যা নিয়ে ভাবার সময় এসেছে বলেই মনে করছেন তাঁরা।











