World

মাটির নিচে একসঙ্গে ১৭টি সোনালি বুদ্ধ, প্রাচীন রাজধানীতে ঘনাচ্ছে রহস্য

প্রাচীন শহরের মাটির নিচে মিলল ১৭টি সোনালি বুদ্ধমূর্তি। কেন একসঙ্গে রাখা হয়েছিল সেগুলি, সেই রহস্যের উত্তর খুঁজছেন এখন প্রত্নতাত্ত্বিকেরা।

দেশের প্রাচীন রাজধানী। বহু শতাব্দী ধরে এই শহর ছিল বৌদ্ধ শিক্ষা, ধর্মচর্চা এবং বিশাল মঠ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সেই ইতিহাসের মাটির নিচ থেকেই এবার উঠে এল একসঙ্গে ১৭টি সোনালি বুদ্ধমূর্তি।

শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী অনুরাধাপুরার বিখ্যাত অভয়গিরি মঠ চত্বরে প্রত্নতাত্ত্বিক খনন চলাকালীন উদ্ধার হয়েছে ১৭টি ব্রোঞ্জের বুদ্ধমূর্তি। যেগুলির গায়ে রয়েছে সোনার প্রলেপ। এতগুলি মূর্তি একই জায়গা থেকে পাওয়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নতুন রহস্য।

প্রশ্ন উঠছে, মূর্তিগুলি কি কোনও বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য একসঙ্গে রাখা হয়েছিল? নাকি যুদ্ধ, আক্রমণ বা অস্থিরতার সময় মূল্যবান ধর্মীয় সামগ্রি রক্ষার উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল?

এখনই তার নিশ্চিত উত্তর নেই। মূর্তিগুলির বয়স, নির্মাণশৈলী এবং সেগুলি ঠিক কোন সময়ে সেখানে রাখা হয়েছিল, তা নিয়েও বিস্তারিত পরীক্ষা চলছে।

অভয়গিরি শুধু একটি মঠ ছিলনা। প্রাচীন যুগে এটি ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার আন্তর্জাতিক কেন্দ্র। ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এই কেন্দ্রের যোগাযোগ ছিল বলেই মনে করেন গবেষকেরা। দূরদেশ থেকে ভিক্ষু, পণ্ডিত এবং তীর্থযাত্রীরাও এখানে আসতেন বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়।

তাই ১৭টি সোনালি বুদ্ধমূর্তির এই আবিষ্কার শুধু শিল্পকলার নিদর্শন নয়, বরং প্রাচীন শ্রীলঙ্কার ধর্ম, বাণিজ্য এবং আন্তর্জাতিক যোগাযোগের ইতিহাস বোঝার নতুন সূত্রও হতে পারে।

Show Full Article