Festive Mood

প্রাচীনত্বে ভারতের কোন রথযাত্রা কত পুরনো, পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা কত নম্বরে

পুরীর রথের কথা তো সকলের জানা। তবে ভারতের নানা প্রান্তেই রথযাত্রা উৎসব পালিত হয়। কোন রথযাত্রা কতটা প্রাচীন তার একটা আন্দাজ দেওয়া যাক।

রথযাত্রা ভারতের অন্যতম উৎসব। আষাঢ় মাস মানেই রথযাত্রা। রাজপথে বার হয় প্রাচীন সব রথ। রথের চাকা ঘোরে ইতিহাসকে সঙ্গী করে। রথের রশিতে একটা টান দেওয়ার জন্য অগণিত ভক্তের ভিড় জমে।

ভারতের সবচেয়ে প্রাচীন রথযাত্রা হিসাবে পরিচিত পুরীর জগন্নাথদেবের রথযাত্রা। যার জৌলুস আজও অমলিন। আজও লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় জমে পুরীতে। রথযাত্রায় শামিল হন তাঁরা। আসেন বিদেশ থেকেও বহু মানুষ।

দ্বাদশ শতকের কোনও এক সময়ে পুরীর রথযাত্রা শুরু হয়েছিল বলে মনে করা হয়। কারণ সেই সময়ে পুরীর রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। সেটাই ভারতের সবচেয়ে পুরনো রথযাত্রা।

দেশের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা পালিত হয় পশ্চিমবঙ্গে। হুগলির শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা হল ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা। ৬২৫ বছর পুরনো এই রথযাত্রা আজও সমমর্যাদায়, সম-উদ্দীপনায় পালিত হয়। অগণিত মানুষের ভিড় জমে মাহেশে।

ভারতের অন্যতম প্রাচীন মন্দির শহর বারাণসীতেও এক প্রাচীন রথযাত্রা পালিত হয়। যেখানে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ হাজির হন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন করতে ও আশির্বাদ পেতে।

১৮০২ সালে এই রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয়। তারপর থেকে এখনও এই রথযাত্রাকে কেন্দ্র করে রথের দিন সেজে ওঠে বারাণসী। বারাণসীর পথে গড়ায় রথের চাকা।

কথিত আছে জ্যেষ্ঠা পূর্ণিমাতে জগন্নাথদেবের স্নানযাত্রার দিন স্নান করে জগন্নাথদেবের শরীর খারাপ হয়। ১৪ দিন ধরে তাঁর শরীর খারাপ থাকে। তারপর তিনি সুস্থ হয়ে শহরের রাজপথ পরিক্রমা করতে বার হন। যা রথযাত্রা হিসাবে পালিত হয়।

ভারতের নানা প্রান্তেই রথযাত্রা পালিত হয়। যেগুলির মধ্যে অনেক রথযাত্রারই বয়স শত শত বছর। যেমন গুজরাটের আমেদাবাদে এক প্রসিদ্ধ রথযাত্রায় প্রতিবছর বহু ভক্তের ভিড় জমে। ১৪৯ বছর পুরনো এই রথযাত্রা আজও প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়।

বলা হয় পুরীর রথযাত্রার পর এই রথযাত্রাতেই সবচেয়ে বেশি মানুষের ভিড় জমে। লক্ষ লক্ষ পুণ্যার্থী গুজরাটের বিভিন্ন প্রান্ত থেকে এই রথযাত্রায় শামিল হতে হাজির হন আমেদাবাদে।

ইস্কনের রথযাত্রা আবার কলকাতার সবচেয়ে বড় রথযাত্রা। যা দেখতে বহু মানুষের ভিড় জমে। ইস্কনের রথযাত্রা অবশ্য কলকাতা বলেই নয়, দেশের বিভিন্ন শহরেই পালিত হয়। বার হয় রথ।

Rashifal App

কলকাতায় ইস্কনের রথযাত্রা ছাড়াও বহু পারিবারিক রথ রাজপথে বার হয়। প্রাচীন পরম্পরা মেনে এই রথ রাজপথে বার হয় ভক্তদের সঙ্গী করে। কলকাতা শহরে এমন একাধিক পারিবারিক রথযাত্রা পালিত হয় যাদের বয়স শতাধিক বছর।

Show Full Article