রথযাত্রাকে সামনে রেখে পুণ্যার্থী সুবিধায় বড় সিদ্ধান্ত নিল রেল
সামনেই রথযাত্রা। রথযাত্রা বললে পুরীর কথাই প্রথমে মনে আসে। সেই পুরীর রথযাত্রা উপলক্ষে যাত্রীদের জন্য একাধিক সুবিধার পথে হাঁটল ভারতীয় রেল।
পুরীর রথযাত্রা শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে ওড়িশার পুরী শহরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় জমে। ওড়িশার রথযাত্রায় শামিল হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে হাজির হন পুণ্যার্থীরা। আর সেই আগমনে অধিকাংশের ভরসা হয় ট্রেন।
ভারতীয় রেল এবার পুরীর রথযাত্রায় অংশ নিতে অন্য জায়গা থেকে পুরীতে আসা পুণ্যার্থীদের সুবিধার জন্য ৩০০টি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে। যা অবশ্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে আসতে চাওয়া মানুষের যাত্রা সুগম করবে। তাঁদের পুরী যাতায়াতের চিন্তা অনেকাংশে দূর করবে। অন্য নিয়মিত ট্রেনগুলির ওপরও চাপ অনেকটা কমাবে।
যাতে রথযাত্রায় পুরীতে আসা পুণ্যার্থীদের কোনও অসুবিধা না হয় সেজন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি একসঙ্গে পুরী স্টেশন ঘুরে দেখেন। রেলমন্ত্রী রথযাত্রায় শামিল হতে আসা যাত্রী ভিড় সামাল দিতে কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়েছে তা খতিয়ে দেখেন।
ঘুরে দেখেন লক্ষ লক্ষ ভক্তদের কীভাবে পুরী স্টেশন চত্বরে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। যাতে পুরী স্টেশনে আগত যাত্রীদের কোনও অসুবিধা না হয় সেজন্য তাঁদের তরফে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা রেলমন্ত্রীকে বুঝিয়ে বলেন স্টেশনে হাজির রেল আধিকারিকরা।
স্টেশন চত্বরে খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। তাছাড়া লক্ষ লক্ষ যাত্রীর ভিড় সামাল দিতে অতিরিক্ত টিকিট কাউন্টারও তৈরি করা হয়েছে।
পুরীর রথযাত্রায় অংশ নিতে আসা লক্ষ লক্ষ মানুষের ভিড় যাতে সমস্যাবিহীন ভাবে সামাল দেওয়া যায় তার ব্যবস্থা পাকা করতে চাইছে রেলমন্ত্রক ও রাজ্যসরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













