মাটির তলায় থাকা বোমা সরিয়ে হাইওয়ে বানাতে গিয়ে বেরিয়ে এল ২৫০০ বছর পুরনো মন্দির
হাইওয়ে তৈরি করার কাজ চলছিল। যেখানে হাইওয়ে তৈরি হচ্ছিল সেখানে মাটির তলায় কিছু বোমা লুকিয়ে ছিল। সেগুলি সরাতে গিয়ে বেরিয়ে এল ২৫০০ বছর পুরনো ইতিহাস।
হাইওয়ে তৈরির কাজ করতে গিয়ে মাটি খুঁড়তে তো হয়। মাটির তলা থেকে অনেক সময় কিছু কিছু জিনিস পাওয়া যায়। যা অনেক ক্ষেত্রেই তেমন মূল্যবান কিছু হয়না। তবে এই হাইওয়েটি যেখানে তৈরি হচ্ছিল সেখানে মাটি খুঁড়তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কয়েকটি না ফাটা বোমার দেখা পাওয়া যায়।
ফলে হাইওয়েটি তৈরির আগে সেই বোমাগুলি সরিয়ে ফেলা জরুরি ছিল। সেই কাজই চলছিল। মাটি খুঁড়ে একটি একটি করে বোমা উদ্ধার করে সেগুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। খুঁড়ে খুঁড়ে দেখা হচ্ছিল আর কোথাও কোনও বোমা রয়ে গেল কিনা।
আর ঠিক সেই সময় মাটি খুঁড়তে খুঁড়তে এক জায়গায় পাওয়া যায় একটি আয়তক্ষেত্রাকার নির্মাণ। যা দেখার পর বন্ধ হয়ে যায় হাইওয়ে তৈরির কাজ। ৮০ বছর পুরনো বোমা উদ্ধার করতে গিয়ে পাওয়া যায় আড়াই হাজার বছর পুরনো ঐতিহাসিক নিদর্শন।
বিশেষজ্ঞেরা সেটি পরীক্ষার পর প্রাথমিকভাবে মনে করছেন সেটি একটি মন্দির। যা ৫০০ খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল। অনেক প্রাচীন লিপিও ওই জায়গা থেকে উদ্ধার হয়েছে। যার কিছু ল্যাটিন ভাষায় লেখা হলেও কিছু স্থানীয় ভেনেটিক লিপি। যে ভাষার সঙ্গে সেখানকার বাসিন্দারা সড়গড় ছিলেন।
ইতালির ভেনিস শহর থেকে কিছুটা দূরে পোনসো নগরে এই হাইওয়ে নির্মাণের কাজ চলছিল। সেই সময় এই মন্দিরটির দেখা পাওয়া যায়। এক সময় যে এ মন্দিরে নিয়মিত আধ্যাত্মিক চর্চা হত সেই বিষয়টি ওই লিপি থেকে উদ্ধার হওয়া বার্তায় পরিস্কার বিশেষজ্ঞদের কাছে। মন্দিরটি বন্যার পর জলের তলায় চলে যায় নাকি অন্য কোনওভাবে গুরুত্ব হারায় তা খতিয়ে দেখছেন প্রত্নতাত্ত্বিকরা।











