আইআইটির হাত ধরে সুরক্ষাকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ভারতীয় রেল
রেল সুরক্ষাকে আরও নিখুঁত করতে ভারতীয় রেলের উদ্যোগে এবার যুক্ত হল আরও একটা নতুন সংযোগ। মউ স্বাক্ষর করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল।
রেলের সুরক্ষার সঙ্গে যাত্রী সুরক্ষা জড়িয়ে আছে। পণ্যপরিবহনের ক্ষেত্রেও বিপুল পণ্য যাতে রেলপথে নিশ্চিতভাবে গন্তব্যে পৌঁছতে পারে সে দায়িত্ব রেলেরই। তাই রেল সুরক্ষাকে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে একাধিক উপায়ে শক্তিশালী করতে যথেষ্ট উদ্যোগী ভারতীয় রেল।
এবার সেই রেল সুরক্ষার উদ্যোগে যুক্ত হল আরও এক প্রচেষ্টা। আইআইটি গুয়াহাটির সঙ্গে এ বিষয়ে মউ স্বাক্ষর করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। যা রেলের সুরক্ষাকে সাম্প্রতিকতম প্রযুক্তির সাহায্যে নিখুঁত করে তুলবে।
এক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যার জন্য রেলের কামরা বা ইঞ্জিনে কোনও বড় পরিবর্তনের দরকার নেই। অতি সহজেই এই যন্ত্র লাগিয়ে সুরক্ষাকে আরও নিশ্চিত করে তোলা সম্ভব হবে।
জিপিএস প্রযুক্তি ও ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট সেন্সর যৌথভাবে এই যন্ত্রে কাজ করবে। যা রেলের অবস্থার ওপর প্রতি মুহুর্তে নজরদারি চালাবে। সেটাও নিখুঁতভাবে।
আগে বা পরে নয়, ওই সময় লাইনে কোনও অসামঞ্জস্য বুঝতে পারলেই যন্ত্রটি সেই মুহুর্তে জানান দেবে। ট্রেন লাইনের ম্যাপিংও প্রতি মুহুর্তে করে যেতে থাকবে যন্ত্রটি। যদি সেখানে কোনও অসঙ্গতি যন্ত্রটি খুঁজে পায়, তাহলেও যন্ত্র সেই মুহুর্তেই সতর্ক করে দেবে।
যদি কোনও সুরক্ষা সংক্রান্ত সমস্যা থাকে তাহলে তা অতি দ্রুত ঠিক করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার সুযোগ পাবে রেল কর্তৃপক্ষ। এতে ট্রেনের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এড়ানো যাবে ট্রেনলাইন সংক্রান্ত দুর্ঘটনা।
আইআইটি গুয়াহাটির গবেষকদের সঙ্গে যৌথভাবে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল কম খরচে নিশ্চিত সুরক্ষা বন্দোবস্তের এই চেষ্টা ক্রমান্বয়ে চালিয়ে যাবে। এগিয়ে যাবে নতুন নতুন প্রযুক্তির সাথে। সেগুলিকে রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করে আরও নিশ্চিত করবে রেল সুরক্ষা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












