National

সফরের কথা লিখলে মিলবে পুরস্কার, অভিনব প্রতিযোগিতার আয়োজন ভারতীয় রেলের

রেল যাত্রার সময় নানা মানুষের নানা অভিজ্ঞতা হয়। সেসব অভিজ্ঞতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করল ভারতীয় রেল। প্রতিযোগিতায় এগিয়ে রাখা হয়েছে হিন্দি ভাষাকে।

ভারতীয় রেল এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করল। রেল যাত্রার সময় নানা অভিজ্ঞতা হয় মানুষের। সেই সঙ্গে তাঁদের রেলের পরিষেবা নিয়েও বক্তব্য থাকে। পরামর্শ থাকে। এই সব কিছু নিয়ে এবার তাঁরা চাইলে একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘রেল যাত্রা বৃত্তান্ত পুরস্কার যোজনা’। এই প্রতিযোগিতার প্রধান দিকটি হল রেলে সফরকালে তৈরি হওয়া অভিজ্ঞতা।

বহু মানুষ রেলে যাত্রা করেন। অনেকে প্রায়ই করেন। অনেকে মাঝেমাঝে। তবে সকলেরই রেল যাত্রার সময় কিছু না কিছু অভিজ্ঞতা হয়। মনে দাগ কাটতে পারা সেসব অভিজ্ঞতা এবার লিখিত আকারে রেলের কাছে জমা দিলে পুরস্কার পেয়ে যেতে পারেন।

এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে যিনি যেটাই লিখবেন তার শব্দ সংখ্যা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার হতে হবে। ডবল স্পেস ফরম্যাটে ১ ইঞ্চি করে পাতার চারধারে মার্জিন ছেড়ে লিখতে হবে। লেখার ভাষা হতে হবে হিন্দি।

প্রতিটি পাতায় নম্বর দিতে হবে। সবার সামনে একটি পাতায় প্রতিযোগীর নাম, পদ, বয়স, অফিস বা বাড়ির ঠিকানা, মাতৃভাষা, মোবাইল নম্বর, ই-মেল অ্যাড্রেস এবং লেখাটি কত শব্দের তা উল্লেখ করতে হবে।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ তারিখ আগামী ৩১ জুলাই। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৬ হাজার টাকা।

এছাড়া ৫টি সান্ত্বনা পুরস্কার রয়েছে। ৫ জন পাবেন ৪ হাজার টাকা করে। রেল সফরের সময় হওয়া অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এ এক দারুণ সুযোগ সন্দেহ নেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *