১২ বছরে ৫৫ হাজার কিলোমিটার রেলপথে যাত্রীরা দ্রুত যেতে পারছেন, কমেছে লেট করার দুর্নাম
ভারতীয় রেল তার ভোল বদল করছে। মাত্র ১২ বছরে ৫৫ হাজার কিলোমিটার রেলপথ বদলে গেছে। বদলের হাত ধরে বেড়েছে ট্রেনের গতি।
২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ভারতের ৫৫ হাজার কিলোমিটার রেলপথ তার ধরণ বদলে ফেলেছে। বদলে গেছে রেললাইন। আধুনিকতার ছোঁয়ায় এখন এই রেলপথ ধরে যাতায়াত করা ট্রেন আরও দ্রুত গতিতে ছুটছে। সেভাবেই লাইনকে মজবুত করা হয়েছে।
এতে গন্তব্যে পৌঁছনোর সময়ও কমছে। যাত্রাও অনেক বেশি সুন্দর হয়েছে। দেশজুড়ে ট্রেনে যাতায়াত বেড়েই চলেছে। আবার অন্যদিকে পণ্যপরিবহনও বাড়ছে।
এই বাড়তে থাকা মানুষ ও পণ্যপরিবহনের চাপ অনায়াসে সামলে নিতে পারছে নবীকরণ করা রেলপথ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি লেখাকে সামনে রেখে ৫৫ হাজার কিলোমিটার রেলপথের আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত জানাল প্রধানমন্ত্রীর দফতর।
এই নতুন করে পাতা রেললাইন যেমন রেলকে আরও ভার বহনের ক্ষমতা দিয়েছে, তেমনই দিয়েছে গতি। তার সঙ্গে বারবার রেললাইন সারানোর ঝক্কি অনেকটাই কমে গেছে।
রেল যাত্রার সময় যাত্রী সুরক্ষা বেড়েছে। ভারতের ৮০ শতাংশ রেলপথই এখন রেলের গতি ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা সামাল দিতে সমর্থ। ট্রেনের লাইন হল রেল পরিষেবার ভিত। যার ওপর দাঁড়িয়ে আছে ভারতীয় রেল।
প্রসঙ্গত ভারতে প্রতিদিন ২৫ হাজারের মত ট্রেন ছুটে বেড়ায়। প্রতিদিন ২ কোটির মত মানুষ ট্রেনে যাত্রা করেন। অন্যদিকে কয়লা, লৌহ আকরিক, ইস্পাত, সিমেন্ট, খাদ্যশস্য সহ অন্য নানা জিনিস এই রেললাইন ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছয়। তাই রেললাইনের আধুনিকীকরণ ভারতীয় রেলের পরিষেবাকে সমৃদ্ধ করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












