২ বার সূর্য ডোবা দেখবে এক ছোট্ট গ্রাম, পর্যটক থেকে ফটোগ্রাফাররা ভিড় করছেন সেখানে
এক বিরলতম দৃশ্যের সাক্ষী হতে চলেছে একটি ছোট্ট গ্রাম। এই অখ্যাত গ্রাম এখন বিখ্যাত। কারণ সেখানে ২ বার সূর্য ডোবা দেখার সুযোগ পাবেন সকলে।
এ এক বিরলতম দৃশ্য। ১ দিনে ২ বার সূর্যাস্ত দেখবে একটি অখ্যাত ছোট্ট গ্রাম। যে গ্রামের কেউ সারা বছর খোঁজও রাখে না। যেখানে কয়েকটি পরিবারের বাস। একটা বড় দোকান পর্যন্ত নেই। সেই গ্রাম এখন সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।
দেশ বিদেশের পর্যটক থেকে ফটোগ্রাফাররা এখন হাজির হচ্ছেন এই গ্রামে। এই গ্রাম এখন অন্যতম আকর্ষণ। এক অতি বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাওয়া যাবে এখান থেকে। আগামী ১২ অগাস্ট দেখা যাবে সেই দৃশ্য। যা এক জীবনেও দেখার সুযোগ পান না অনেকে।
এখানে সূর্যগ্রহণ হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ ঢেকে দেবে সূর্যকে। অন্ধকার নামবে গ্রামে। এই গ্রহণ হবে সন্ধে নামার আগে। ফলে একবার চাঁদ ঢেকে দেওয়ায় অন্ধকার নামার পর কিছু সময়ের ব্যবধানে ফের অন্ধকার নামবে এখানে। তখন হবে সন্ধে। সূর্য বাস্তবেই অস্ত যাবে।
এই দৃশ্য দেখা যেতে চলেছে স্পেনের একটি ছোট্ট গ্রাম এভেলানোসা দে মুনো থেকে। ফলে শান্ত অচেনা ছোট্ট অখ্যাত গ্রামটিতে এখন মানুষের ভিড় জমছে। তাঁরা কেউই স্থানীয় নন।
এমন ভিড় এ গ্রামে কেউ কখনও দেখেননি। সময় যত কাছে আসছে অর্থাৎ সামনের দিন কয়েকের মধ্যে আরও মানুষের ভিড় জমবে এখানে। প্রসঙ্গত এমন এক সূর্যগ্রহণ স্পেনেই হতে চলেছে ১০০ বছরেরও বেশি সময় পার করে।












