গুহার দেওয়াল ও গুহাচিত্র থেকে উদ্ধার ডিএনএ বলে দেবে প্রাচীন মানুষের অনেক কথা
এই প্রথম এমনটা হল যে গুহার দেওয়াল ও গুহাচিত্র থেকে ডিএনএ সংগ্রহ করলেন বিজ্ঞানীরা। যা আগামী দিনে প্রাচীন মানুষের অনেক কথা বলে দেবে।
গুহাচিত্র তো বিশ্বজুড়েই অনেক গুহায় দেখতে পাওয়া যায়। যা প্রাচীন যুগের গুহামানবের আঁকা। গুহামানবের আঁকা থেকে তাঁদের সম্বন্ধে জানা গেলেও তাঁরা কেমন দেখতে ছিলেন, যিনি ছবিটা এঁকেছিলেন তাঁর চেহারা কেমন ছিল, ওই গুহায় যাঁরা থাকতেন তাঁদের চেহারা, দেখতে কেমন ছিল, এসব জানার উপায় ছিলনা।
একটা অনুমান ছিল। এবার কিন্তু স্পষ্ট করে জানা যাবে সেখানকার মানুষের আকৃতি, প্রকৃতি। এই প্রথম গুহা থেকে ডিএনএ উদ্ধার করে তা থেকে সেই গুহামানবের আকৃতি সম্বন্ধে জানতে চলেছেন বিজ্ঞানীরা।
শুধু প্রাগৈতিহাসিক জীবনই নয়, এই ডিএনএ উদ্ধার আদি ইতিহাসও বদলে দিতে পারে। স্পেন ও পর্তুগালের বিভিন্ন গুহা থেকে বিজ্ঞানীরা এই নমুনা সংগ্রহ করেছেন।
নমুনাগুলি পাওয়া গেছে গুহার দেওয়াল, গুহাচিত্র ও বার্চ পিচ থেকে। প্রসঙ্গত বার্চ পিচ হল একটি কালো আঠালো বস্তু। যা দিয়ে একসময় পাথর লাগানো হত। আবার সেই বার্চ পিচ চিবিয়ে তা থেকে ওষধিগুণ পেতেন প্রাচীন মানুষ।
এই বার্চ পিচে রয়েছে গুহামানবের ডিএনএ। রয়েছে যিনি ছবি এঁকেছিলেন গুহার দেওয়ালে, তাঁর ডিএনএ। যা ছবি থেকে উদ্ধার করা হয়। কিছু ডিএনএ-র নমুনা গুহার দেওয়াল থেকেও উদ্ধার হয়েছে। এগুলি থেকে এবার ওই মানুষটির চেহারা বানিয়ে ফেলা সম্ভব বলেই মনে করছেন বিজ্ঞানীরা। আর সেটা হলে তা এক অভিনব আবিষ্কার হবে।













