বদলে গেল ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসি ওয়েবসাইট, নতুনটিতে সুবিধার ছড়াছড়ি
আইআরসিটিসি থেকে অনেকেই টিকিট কেটে থাকেন। সেই ওয়েবসাইট বদলে গেল। নতুন ওয়েবসাইটে রয়েছে যাত্রীদের জন্য আরও নানা সুযোগ সুবিধা।
ট্রেনে কোথাও সফর করার হলে বুকিং কাউন্টারে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটার ঝক্কি অনেকেই এড়িয়ে যান। তার চেয়ে বরং ঘরে বসে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট কেটে ফেলাতেই বেশি অভ্যস্ত হয়ে পড়েছেন মানুষজন।
এতদিন আইআরসিটিসির যে ওয়েবসাইট মানুষ দেখে অভ্যস্ত, সেই ওয়েবসাইটটি বদলে গেল। ১৫ জুলাই থেকে বদলে যাওয়া ওয়েবসাইটে নতুন নানা সুবিধা যোগ করা হয়েছে।
রাজস্থানে একটি অনুষ্ঠান থেকে এই নতুন ওয়েবসাইটটি কার্যকর করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কয়েকজন ছাত্র পুরনো ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে গিয়ে কিছু অসুবিধার সম্মুখীন হন। সেকথা সামনে আসার পরই এই ওয়েবসাইটটি বদলে ফেলা হল।
নতুন সাইট থেকে টিকিট বুকিং আরও অনেক সহজ ও দ্রুত হবে। এতদিন প্রতি মিনিটে ৩২ হাজার টিকিট আইআরসিটিসি সাইট থেকে বুক করা যেত। এখন তা বেড়ে হল দেড় লক্ষ।
নতুন সাইট থেকে টিকিট কাটার সময় কোন দিন ট্রেনের কত ভাড়া থাকছে তা একটি ক্যালেন্ডারের মাধ্যমে তুলে ধরা হবে। যাতে কোন দিন যাত্রী টিকিট কাটবেন তা ওই ভাড়া দেখে সিদ্ধান্ত নিতে পারেন।
এছাড়া টিকিট বুক করার সময় কোন সিট তিনি চাইছেন তা দিয়ে দিতে পারবেন যাত্রী। যাত্রীদের বোঝার সুবিধার কথা মাথায় রেখে নতুন সাইটে একাধিক ভারতীয় ভাষার সুবিধা যোগ করা হয়েছে।
টিকিট কাটার সময় অপ্রয়োজনীয় পপ আপ, অনেক ক্যাপচা প্রম্পট বা ফ্ল্যাশিং গ্রাফিক্স যাতে বিরক্ত না করে তার ব্যবস্থাও করা হয়েছে এই নতুন সাইটে। ট্রেনের বিভিন্ন শ্রেণিতে কেমন সিটের সুবিধা রয়েছে তা পর্দায় দেখতে পাবেন যাত্রীরা। তা দেখে তাঁরা টিকিট বুক করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











