National

শতাব্দী এক্সপ্রেসে মেয়াদ পার করা পাউরুটি, অনেক যাত্রী না দেখে খেয়েও ফেললেন

শতাব্দী এক্সপ্রেসে প্রাতরাশে দেওয়া পাউরুটির মেয়াদ আগেই শেষ হয়েছে। যা নজরে আসার আগেই অনেক যাত্রী তা খেয়ে ফেলেন। ক্যাটারিং সংস্থাকে জরিমানা করল আইআরসিটিসি।

দেশের অন্যতম সেরা যে ট্রেনগুলি রয়েছে তার একটি ধরা হয় শতাব্দী এক্সপ্রেসকে। নানা রুটে প্রতিদিন যাত্রী নিয়ে ছুটে যায় শতাব্দী। নয়াদিল্লি থেকে রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেস, যা সাধারণ মানুষের কাছে বেশি পরিচিত দিল্লি ভোপাল শতাব্দী এক্সপ্রেস নামে, সেই ট্রেনে প্রাতরাশে দেওয়া পাউরুটির ওপর ইউজ বাই লিখে দিন দেওয়া ছিল।

তাতে লেখা ছিল ১০ জুলাইয়ের মধ্যে ওই পাউরুটি খাওয়া যাবে। কিন্তু সেদিন পার করে যাওয়ার পরও সেই পাউরুটি যাত্রীদের পরিবেশন করা হয়।

মেয়াদ উত্তীর্ণ পাউরুটি যে তাঁদের দেওয়া হয়েছে সেটা নজরেও পড়েনি অনেক যাত্রীর। তাঁরা সেটি খুলে খেয়েও নেন। এঁদের মধ্যেই এক যাত্রীর অনেক পরে বিষয়টি নজরে আসে। তিনি বাকি যাত্রীদের সতর্ক করেন। ততক্ষণে অবশ্য অনেকেই খেয়ে ফেলেছেন।

ওই মেয়াদ উত্তীর্ণ পাউরুটি যে পরিবেশন করা হয়েছে তা নিয়ে অনেক যাত্রী অভিযোগ জানান। সমাজ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে ছবি।

বিষয়টি জানার পর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি দ্রুত পদক্ষেপ করে। যে ক্যাটারিং সংস্থা এই পরিবেশনের দায়িত্বে ছিল তাদের মোটা অঙ্কের জরিমানা করা হয়। একটি তদন্তের নির্দেশও দেওয়া হয়।

আগামী দিনে পরিবেশনের আগে প্রতিটি প্যাকেটজাত খাবার ভাল করে পরীক্ষা করে যাত্রীদের দেওয়ার নির্দেশও প্রদান করা হয়েছে আইআরসিটিসি-র পক্ষ থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article