National

কবে থেকে শুরু হচ্ছে বুলেট ট্রেনের পথচলা, প্রথম ছুটবে কোন রুটে, জানালেন রেলমন্ত্রী

ভারতে বুলেট ট্রেনের পথচলা কবে থেকে শুরু হবে তা জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কোন রুটে এই ঐতিহাসিক যাত্রার সূত্রপাত তাও জানালেন।

ভারতে বুলেট ট্রেন যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে। যার রেলপথ নির্মাণের কাজও চলছে জোরকদমে। এখন সকলেরই জিজ্ঞাসা কবে থেকে চালু হবে বুলেট ট্রেন? তার উত্তর এবার দিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ভারতের প্রথম বুলেট ট্রেনের পথ তৈরি হচ্ছে আমেদাবাদ ও মুম্বইয়ের মধ্যে। তবে এই পুরো রুটে প্রথমেই চলা শুরু করছেনা বুলেট ট্রেন। বরং ধাপে ধাপে এই যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় রেল।

প্রথম যাত্রায় বুলেট ট্রেন পথচলা শুরু করবে সুরাট বিলিমোরা সেকশনে। প্রথমেই আমেদাবাদ থেকে মুম্বই যাত্রা নয়। এরপর ধাপে ধাপে শুরু হতে থাকবে ভাপি সুরাট, ভাপি আমেদাবাদ, আমেদাবাদ থানে, আমেদাবাদ মুম্বই রুট।

ভারতে বুলেট ট্রেনের পথচলা শুরু হবে সুরাট ও বিলিমোরার মধ্যে। কিন্তু কবে? রেলমন্ত্রী জানিয়েছেন ২০২৭ সালের ১৫ অগাস্ট ভারতের মাটিতে প্রথম পথচলা শুরু করবে বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন।

তিনি আরও জানিয়েছেন, বুলেট ট্রেনের আমেদাবাদ ও মুম্বই রুটের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যেই ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। যাতে পুরো কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্য দ্রুত কাজ এগোনো হচ্ছে।

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামী দিনে হায়দরাবাদকে ৩টি বুলেট ট্রেন দিচ্ছেন। হায়দরাবাদ বেঙ্গালুরু, হায়দরাবাদ চেন্নাই এবং হায়দরাবাদ পুনে, এই ৩টি রুটে ছুটবে বুলেট ট্রেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article